সংবাদদাতা, বারুইপুর: দুই বছর পার হলেও বারুইপুরে সূর্যপুর সেতু নির্মাণের কাজ শেষ হল না। ঢিলেমির অভিযোগ তুলে তাই কুলপি রোড অবরোধে শামিল হলেন এলাকার বাসিন্দারা। পরে খবর পেয়ে বারুইপুর থানার পুলিস ঘটনাস্থলে যায়। এদিকে অবরোধের ফলে কুলপি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও পুলিস অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বিষয়টি দেখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এলাকার বাসিন্দারা বলেন, সেতু নির্মাণ কাজে কোনও গতি নেই। কোনওদিন কাজ হচ্ছে, তো কোনওদিন বন্ধ থাকছে। দুই বছর পার হলেও বারুইপুরের গুরুত্বপূর্ণ সেতুটির নির্মাণ সম্পন্ন হল না। প্রশাসনের কোনও নজরদারি নেই। মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। এইসব কারণেই অবরোধ করা হয়েছে।



