মুম্বই: টাকার দামে অশনিসংকেত। মোদি জমানায় আরও তলিয়ে গেল ভারতীয় মুদ্রা। সোমবার ডলারের সাপেক্ষে ৫৮ পয়সা পড়ে গিয়েছে ভারতীয় মুদ্রা। ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারির পর যা সর্বোচ্চ। এদিনের পতনের ফলে ডলারের দাম পৌঁছে গেল ৮৭ টাকার দোরগোড়ায়। এদিন এক ডলার দাঁড়িয়েছে ৮৬.৬২ টাকা। টাকার পতনের পাশাপাশি সপ্তাহের শুরুতে মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজারও। সোমবার ১ হাজার ৪৮ পয়েন্ট বা ১.৩৬ শতাংশ পড়ল সেনসেক্স। থিতু হয়েছে ৭৬ হাজার ৩৩০ অঙ্কে। একদিনে বাজার থেকে উবে গিয়েছে লগ্নিকারীদের অন্তত ১২ লক্ষ কোটি টাকা। অন্যদিকে ৩৪৫ পয়েন্ট পড়ে নিফটি থামে ২৩,০৮৫ অঙ্কে।
Advertisement

টাকার পতন ঘটলে বিশ্বের শক্তিধর দেশগুলি তার সুযোগ নেবে। ২০১৩ সালের আগস্ট মাসে এক সভায় মন্তব্য করেছিলেন নরেন্দ্র মোদি। প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে রুখে দেবেন এই পতন। তখন দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে মনমোহন সিং। সরকার বদল হয়েছে। মোদি এখন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু টাকা তো শক্তিশালী হয়নি, উল্টে ডলারের তুলনায় তা আরও তলিয়ে যাচ্ছে। তথ্য বলছে, ২০১৪ সালের ২৬ মে ১ ডলারের দাম ছিল ৫৮ টাকা ৬৬ পয়সা। আর ২০২৫ সালের ১৩ জানুয়ারি তা দাঁড়িয়েছে ৮৬.৬২ টাকা। এর মধ্যে গত দু’সপ্তাহেই ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দর ১ টাকার বেশি পড়ে গিয়েছে। যা এপর্যন্ত সবথেকে দ্রুত পতন।
ডলারের নিরিখে ভারতীয় মুদ্রা নতুন রেকর্ড তলানি স্পর্শ করায় প্রশ্নের মুখে নরেন্দ্র মোদি। একসময় পূর্বসূরি মনমোহন সিংয়ের বয়স টেনে টাকার পতনকে কটাক্ষ করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী। সে কথা মনে করিয়ে দিয়ে মোদিকে এদিন খোঁচা দিয়েছে কংগ্রেস। দলের নেতা জয়রাম রমেশ এক্স-এ পোস্ট করেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের সময় ৬৪ বছরের দোরগোড়ায় ছিলেন মোদি এবং ডলারের নিরিখে টাকা ছিল ৫৮.৫৮। তখন তাঁর ভাষণে ছিল টাকাকে মজবুত করার চমক। পাশাপাশি টাকার পতনকে উপহাস করে টেনেছিলেন পূর্বসূরির (মনমোহন সিং) বয়স। কিন্তু এবছরের শেষে মোদি ৭৫-এ পড়বেন। কিন্তু ডলারের তুলনায় টাকা ছাড়িয়ে গিয়েছে ৮৬-এর গণ্ডি। মোদির ছোঁড়া অস্ত্র এখন তাঁর উপরেই বুমেরাং হয়ে আসছে।’



