Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

৪ বছর ভোট হয়নি, নাগরিক পরিষেবা ব্যাহত বারাকপুর ক্যান্টনমেন্ট এলাকায়

৪ বছর ভোট হয়নি, নাগরিক পরিষেবা ব্যাহত বারাকপুর ক্যান্টনমেন্ট এলাকায়
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গত চার বছর ধরে বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে ভোট হয়নি। ফলে নাগরিক পরিষেবা কার্যত শিকেয় উঠেছে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন শংসাপত্র নিতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বারংবার অভিযোগ জানানোর পরও কোনও কাজ হচ্ছে না। এমনই অভিযোগ ক্যান্টনমেন্টের বাসিন্দাদের। নতুন বোর্ড গঠন করার ব্যাপারেও কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাইলেন এলাকার বাসিন্দারা। রীতিমতো গণস্বাক্ষর করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন এলাকাবাসী। 
Advertisement
ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড। পরবর্তীকালে নিয়ম করে নির্বাচনের মাধ্যমে এখানে বোর্ড গঠন করা হতো। বিভিন্ন রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করত। এলাকার নির্বাচিত প্রতিনিধিরা নাগরিক সমস্যার কথা ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও-র কাছে তুলে ধরতেন। সেই মতো এলাকার উন্নয়নমূলক কাজকর্ম হতো। রেসিডেন্সিয়াল থেকে শুরু করে অন্যান্য শংসাপত্র স্থানীয় জনপ্রতিনিধিরাই দিতেন। ফলে এনিয়ে সমস্যা হতো না। কিন্তু বোর্ড ভেঙে যাওয়ার পর থেকেই নাগরিক পরিষেবা কার্যত লাটে উঠেছে বলে অভিযোগ। সামান্য সমস্যার সমাধানেও ছুটতে হচ্ছে বোর্ডের সিইও-র কাছে। 
ক্যান্টনমেন্ট বোর্ড এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তথা স্থানীয় বাসিন্দা কাশীনাথ সাহা বলেন, আগে জলকর ছিল ৪৫ টাকা। ২৪ ঘণ্টা পানীয় জলের পরিষেবা ছিল এলাকায়। এখন জলকর বেড়ে দ্বিগুণ হয়েছে। কিন্তু ২৪ ঘণ্টা জল পান না বাসিন্দারা। সম্পত্তিকরও বেড়ে গিয়েছে। ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় একাধিক পার্ক বেহাল। এলাকার রাস্তাগুলির অবস্থাও ভালো নয়। বোর্ড না থাকার কারণে কোনও কাজই হচ্ছে না। তাই আমরা প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছি। সাংসদ পার্থ ভৌমিককেও চিঠি দেওয়া হয়েছে। আমরা চাই, অবিলম্বে ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাচন হোক। এ ব্যাপারে ক্যান্টনমেন্ট বোর্ডের সিইওর সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁর অফিস থেকে বলা হয়, তিনি মিটিংয়ে ব্যস্ত।
সম্পর্কিত সংবাদ