Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

১৮ বছর বাদে মুম্বই থেকে বাড়ি ফিরলেন ইসমাইল  

১৮ বছর বাদে মুম্বই থেকে বাড়ি ফিরলেন ইসমাইল
 
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: প্রায় ১৮ বছর নিখোঁজ থাকার পর বাড়ি ফিরলেন কাঁথি শহরের ছোট দারুয়ার বাসিন্দা ইসমাইল আলি খান। নিখোঁজ হয়েছিলেন যখন, তখন তিনি যুবক। ফিরে এলেন যখন তখন ৫০ বছরের প্রৌঢ়। মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরেছেন ইসমাইল। ওই সংস্থার প্রতিনিধিরাই তাঁকে বাড়ি নিয়ে এসেছেন। ইসমাইলকে কাছে পেয়ে পরিবারের লোকজন খুবই খুশি। নিয়ম অনুযায়ী নিখোঁজ হওয়ার ১২ বছর পর সরকারি ডেথ সার্টিফিকেট পেয়েছিলেন পরিবারের লোকেরা। সেরে ফেলা হয়েছিল আচার-অনুষ্ঠানও। সম্পত্তিরও ভাগ-বাঁটোয়ারা হয়ে গিয়েছিল। এরপর বৃহস্পতিবার হঠাৎ বাড়িতে হাজির হন ইসমাইল। পরিবারের সদস্যদের কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান তিনি। ইসমাইলকে দেখতে প্রতিবেশী সহ গ্রামবাসীরা ভিড় জমান। জানা গিয়েছে, ২০০৭ সালে কর্মসূত্রে ভিনরা঩জ্যে যান ইসমাইল ওরফে খোকন। প্রথম থেকেই কিছুটা মানসিক সমস্যা ছিল তাঁর। সেখানে থাকাকালীন তিনি নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরবর্তীকালে মানসিক ভারসাম্যহীন অবস্থায় মুম্বইয়ের একটি সরকারি হাসপাতালের কাছে ঘুরছিলেন ইসমাইল। সেখান থেকে তাঁকে উদ্ধার করেন মুম্বইয়ের ওই স্বেচ্ছাসেবী সংগঠন। স্থানীয় একটি মানসিক হাসপাতালে কয়েকবছর ধরে চিকিৎসা চলে ইসমাইলের। মানসিকভাবে অনেকটাই সুস্থ হন তিনি। ইসমাইলের থেকে ঠিকানা নিয়ে ওই স্বেচ্ছাসেবী সংস্থা পুলিসের সঙ্গে যোগাযোগ করে। পুলিস মারফত সব প্রক্রিয়া সম্পন্ন হয়। তারপর স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা ইসমাইলকে নিয়ে তাঁর বাড়ির উদ্দেশে পাড়ি দেন। ইসমাইল এখন সুস্থ। তবে তাঁকে চিকিৎসার মধ্যে থাকতে হবে বলে জানালেন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। শুধু তাই নয়, তাঁরা বেশকিছু ওষুধপত্রও দিয়ে যান। আগামী দু’বছর ওষুধপত্র সহ চিকিৎসার ব্যবস্থা করবে সংস্থা। প্রতিনিধিদলের বাঙালি সদস্য সমর বসাক বলেন, চিকিৎসার মধ্যে থাকলে কোনও সমস্যা হবে না। বাড়ির ছেলেকে ফিরে পেয়ে মুম্বইয়ের ওই সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন পরিবারের লোকজন ও গ্রামবাসীরা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ