নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইনি জট কাটিয়ে ন’ বছর পর অবশেষে শুরু হতে চলেছে এক পকসো মামলার বিচার। আগামী ২১ ডিসেম্বর থেকে কলকাতা নগর দায়রার বিশেষ পকসো আদালতে হবে এই মামলার শুনানি। সোমবার জামিনে থাকা অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে চার্জ গঠন করে শুনানির দিন ধার্য করেন বিচারক। অভিযুক্ত যুবকের আইনজীবী শ্যামল মণ্ডলের দাবি, ‘আমার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। শুনানির সময় আমরা সেই বক্তব্য তুলে ধরব।’ আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল এক কিশোরীর সঙ্গে এক যুবকের। অভিযোগ, এরপর ওই যুবক তাকে নানাভাবে মোবাইল ফোনে উত্ত্যক্ত করতে শুরু করে। এমনকী মাঝে মধ্যে অশ্লীল ছবিও পাঠাত বলে অভিযোগ। মামলার বয়ান অনুযায়ী, যুবকটি নানাভাবে কিশোরীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। কিশোরী বিষয়টি পরিবারের লোকদের জানালে তার ভিত্তিতে লালবাজারে অভিযোগ দায়ের করা হয়। গোয়েন্দারা তদন্তে নেমে রানাঘাট থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত করা হয় ধৃতের মোবাইল ফোন। এই মামলায় পুলিস আদালতে চার্জশিট দিতে দীর্ঘ সময় নেয়। ফলে মামলার বিচার প্রক্রিয়া থমকে যায়। পরবর্তীকালে চার্জশিট দেওয়ার পরেও নানা টালবাহানায় চার্জ গঠন করা হচ্ছিল না। শুধু মামলার তারিখ নেওয়া হচ্ছিল। অবশেষে এদিন বিচারক শুনানির দিন ধার্য করেন।



