সংবাদদাতা, বালুরঘাট: হিলিতে বিএসএফের জালে এক বাংলাদেশি যুবতী। জানা গিয়েছে, যুবতীর নাম জৈনাব আক্রার (৩৩)। তাঁর বাড়ি বাংলাদেশের বগুড়া জেলায়। বিএসএফ সূত্রে খবর, ওই যুবতী কুমিল্লার সোনারপুর হয়ে ত্রিপুরায় প্রবেশ করে। এরপর সেখানে জাল আধার কার্ড বানিয়ে বিমানে করে বেঙ্গালুরু চলে যান। সেখানে অপর এক বাংলাদেশি যুবতীর সঙ্গে দেখা করে দেশের নানা জায়গায় ঘুরে কলকাতা হয়ে তিনি হিলিতে আসেন। এরপর হিলি সীমান্ত দিয়ে পার হওয়ার সময় তিনি বিএসএফের জালে ধরা পড়ে যান। তাঁকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই মহিলাকে পুলিস জিজ্ঞাসাবাদ করতে জানতে পেরেছে তিনি না কী এর আগে দুবাইয়ে থাকতেন। ইতিমধ্যেই তাঁর মোবাইল থেকে একাধিক নথি সংগ্রহ করে তাঁর আসল পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিস। ওই বাংলাদেশি যুবতী স্লিপার সেলের সদস্য কী না তা নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিস।



