সংবাদদাতা, কাকদ্বীপ: বাংলাদেশ থেকে আসা এক পরিবারের ভোটার কার্ড দিল্লিতে বসে তৈরি করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কাকদ্বীপ মহকুমা আদালতের আইনজীবী সব্যসাচী দাস। তিনি প্রমাণস্বরূপ ওই পরিবারের একটি ভোটার কার্ডের প্রতিলিপি ও এনরোলমেন্ট নম্বর উল্লেখ করে নিজের ই-মেল আইডি থেকে ইলেকশন কমিশনে মেল পাঠিয়েছেন। কিন্তু তার উত্তর এখনও তিনি পাননি। তাঁর অভিযোগ, বেশ কিছু বছর আগে আশিস বিশ্বাস নামের এক ব্যক্তি বাংলাদেশ থেকে কাকদ্বীপে আসেন। তিনি এখানে পশ্চিম স্টিমারঘাট এলাকায় বাড়ি তৈরি করে পরিবার নিয়ে থাকতেন। বেশ কয়েকবার তাঁরা ভারতীয় নাগরিক হওয়ার জন্য ভোটার কার্ড তৈরি করতে আবেদন করেছিলেন। কিন্তু তাঁদের পরিবারের কারও ভোটার কার্ড এখানে না থাকার কারণে আবেদনগুলি খারিজ হয়ে যায়। এরমধ্যেই তিনি এক প্রতিবেশীর সঙ্গে তাঁর মেয়ের বিয়ে দেন। কিন্তু পারিবারিক অশান্তির জেরে তাঁর মেয়ে মাধুরী শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে ফিরে আসেন। এরপর কর্মসূত্রে বিশ্বাস পরিবার দিল্লিতে চলে যায়। সেখানে কার্ড বানিয়ে ভোটার তালিকায় নিজেদের নাম তুলেছে ওই পরিবার। ভোটার কার্ডের প্রতিলিপিতে ঠিকানা হিসেবে দিল্লির পশ্চিম নিজামুদ্দিন লেখা রয়েছে।



