Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলাদেশি? বীরভূমের ৬ পরিযায়ী শ্রমিককে  আটক করেছে দিল্লি পুলিস, মামলা হাইকোর্টে

‘বাংলাদেশি’ সন্দেহে বীরভূমের ছ’জন পরিযায়ী শ্রমিককে আটক করেছে দিল্লি পুলিস। তাদের বাংলাদেশে পুশব্যাকেরও চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশি? বীরভূমের ৬ পরিযায়ী শ্রমিককে  আটক করেছে দিল্লি পুলিস, মামলা হাইকোর্টে
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বাংলাদেশি’ সন্দেহে বীরভূমের ছ’জন পরিযায়ী শ্রমিককে আটক করেছে দিল্লি পুলিস। তাদের বাংলাদেশে পুশব্যাকেরও চেষ্টা করা হচ্ছে। এমনই অভিযোগে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বুধবার বিষয়টি নিয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়ে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। ডিভিশন বেঞ্চ জানায়, ওড়িশা নিয়েও একই ধরনের মামলা দায়ের হয়েছে। দুই ঘটনার শুনানি একসঙ্গে হবে। আগামী শুক্রবার শুনানির সম্ভাবনা। বীরভূমের পাইকরের ছ’জন শ্রমিককে গত ১৮ জুন দিল্লির রোহিনী পুলিস জেলার কে এন কাটজু থানা এলাকায় আটক করা হয়। আটক হওয়ার পরেই তাঁরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা পরিবারকে জানান, ‘বাংলাদেশি’ সন্দেহে তাঁদের আটক করেছে দিল্লি পুলিস। পরিবার দিল্লি পুলিসের সঙ্গে যোগাযোগ করলে তাদের জানানো হয়, ওই ছ’জনকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের কোনও সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশব্যাক করা হবে! বিষয়টি নিয়ে এবার মামলা দায়ের হল হাইকোর্টে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ