নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠেলার নাম বাবাজি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের অবস্থা এখন সেরকমই। মুস্তাফিজুর ইস্যুতে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পড়শি দেশ। আইসিসি’র কাছে দাবি জানিয়েছিল, ভারত নিরাপদ নয়, বাংলাদেশের ম্যাচ সরানো হোক অন্যত্র অর্থাৎ শ্রীলঙ্কায়। কিন্তু সেই আবেদনে সাড়া নাও দিতে পারে আইসিসি। ৪ জানুয়ারি সংস্থার বৈঠকে মিলেছে তেমনই ইঙ্গিত। হাবেভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, ভারতের মাটিতেই খেলতে হবে বাংলাদেশকে। একই সঙ্গে মনে করিয়ে দেওয়া হয়েছে ‘মেম্বার্স প্লেয়িং এগ্রিমেন্ট’-এর বিষয়টিও।
এত সহজে মাথানত করতে নারাজ বাংলাদেশ। বিসিবি’র অন্যতম ডিরেক্টর আসিফ আকবর হুমকির সুরে বলেছেন, প্রয়োজনে বিশ্বকাপ বয়কট করবে বাংলাদেশ। তাঁর আরও বক্তব্য, ‘উদ্ভূত পরিস্থিতিতে ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নয়। সেটা আমরা চিঠি দিয়ে আইসিসি’কে জানিয়েছি এবং শ্রীলঙ্কায় খেলার অনুরোধ করেছি। আমাদের দাবি গুরুত্ব দিয়ে বিচার করা উচিত। না হলে বিশ্বকাপ বয়কট করা ছাড়া কোনও পথ খোলা থাকবে না।’ আসলে মুস্তাফিজুর ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বড়ই বিপাকে। আইসিসি’র সঙ্গে যুদ্ধে যাওয়া এবং বিশ্বকাপ বয়কট মানে নির্বাসনের সঙ্গে বিপুল আর্থিক জরিমানার কোপে পড়া। আবার ইউনুস সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ভারতে বিশ্বকাপ খেলা অসম্ভব। এই পরিস্থিতিতে আলোচনাই একমাত্র পথ। সূত্রের খবর, বিসিবি কর্তারা হাল ছাড়ছেন না। আইসিসি তথা জয় শাহকে বোঝানোর চেষ্টা চলছে, বাংলাদেশের ম্যাচগুলি যাতে শ্রীলঙ্কায় দেওয়া হয়। আইসিসি সরকারিভাবে কী জানায়, সেদিকেই চোখ ক্রিকেট মহলের।