সংবাদদাতা, বালুরঘাট: মাধ্যমিকে নবম হয়ে চকভৃগুর বাসিন্দাদের চমক দিল অনীক সরকার। সে মাধ্যমিকে ৬৮৭ নম্বর পেয়েছে। পড়ার ফাঁকে ক্রিকেট খেলে, ছবি আঁকে ও তবলা বাজায় অনীক। সকাল থেকেই মিষ্টি ও ফুলের তোড়া নিয়ে হাজির হন এলাকার বহু মানুষ। বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও অনীকের বাড়ি গিয়ে শুভেচ্ছা জানান। অনীক বলে, ভালো ফলাফলের জন্য অনেক পরিশ্রম করেছি। মেধাতালিকায় জায়গা পেয়ে ভালোই লাগছে।
ভবিষ্যতে কী হওয়ার স্বপ্ন রয়েছে? হাসিমুখে অনীকের উত্তর, বিজ্ঞান নিয়ে পড়ব। তবে ভবিষ্যতে কী হব, তা এখনও ঠিক করিনি। টিভিতে ছেলের সাফল্য দেখে চোখে জল বাবা কমলেশ সরকারের। তিনি ছোট একটি মুদির দোকান চালান। ছেলে ভালোভাবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক, এই কামনাই করছেন অনীকের বাবার। অনীক অঙ্ক ও ভৌত বিজ্ঞানে ১০০ পেয়েছে। বাংলা ও জীবন বিজ্ঞানে ৯৯, ইংরেজিতে ৯৫, ভূগোলে ৯৬, ইতিহাসে ৯৮ নম্বর পেয়েছে।অনীকের মা আভা সরকার বলেন, ছেলে বরাবরই ক্লাসে প্রথম হয়ে এসেছে। অনীকের কাকা জয়ন্ত সরকার বলেন, অনীক ছোট থেকেই পড়াশোনায় ভালো। অনীককে এই সফলতার জন্য শুভেচ্ছা জানিয়েছেন বালুরঘাট হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রীজিত্ সাহা। তিনি বলেন, স্কুলে আরও অনেকেই অল্পের জন্য প্রথম দশে র্যাঙ্ক করতে পারেনি। আশা করছি, রিভিউ করলে অনেকেই স্থান পাবে। মা বাবার সঙ্গে মাধ্যমিকে নবম অনীক সরকার।-নিজস্ব চিত্র