Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিসকে তীব্র ভর্ৎসনা ক্ষুব্ধ বিচারপতির, রিপোর্ট তলব

তফসিলি জাতিভুক্ত বলে শিব মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমন অভিযোগে দায়ের হওয়া মামলায় রীতিমত বিরক্ত-ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট।

পুলিসকে তীব্র ভর্ৎসনা ক্ষুব্ধ বিচারপতির, রিপোর্ট তলব
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তফসিলি জাতিভুক্ত বলে শিব মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমন অভিযোগে দায়ের হওয়া মামলায় রীতিমত বিরক্ত-ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। এই ক্ষেত্রেও পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, বাংলায় এমন পরিস্থিতি কোনদিনও ছিল না। তাহলে এখন কেন এমন পরিস্থিতি তৈরি হবে? 

Advertisement

নদীয়ার বৈরামপুরে কালীগঞ্জ থানা এলাকায় একটি প্রাচীন শিব মন্দির রয়েছে। এলাকাবাসীদের একাংশ অভিযোগ করেছেন, তফসিলি জাতির লোক হওয়ায় সেই শিব মন্দিরে তাঁদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেই অভিযোগ শুনে চরম বিরক্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, ‘কী করে এটা হয়? পুলিসের ভূমিকা কী? একটা মানুষ তার অধিকার পাবে না! উৎসবে যোগ দিতে পারবেন না? এটা তো বাংলায় ছিল না। এমন সমস্যা এখনও বাংলায় নেই, এটা বিশ্বাস করি।’ পুলিসের অক্ষমতাই এর একমাত্র কারণ বলে মনে করেছেন বিচারপতি ঘোষ। হাইকোর্টের নির্দেশ, এই ঘটনার পিছনে যদি অন্য কোনও কারণ থাকে, তাহলে সেটাও খুঁজে দেখা পুলিসের কাজ। সব খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ওই মন্দিরটি যে সর্ব সাধারণের ব্যবহারের জন্য, সেই নথি রয়েছে। কিন্তু এলাকার ধোপা সম্প্রদায়ের লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। তাঁরা গাজনে অংশ নিতে চান। আগামী গাজনের মেলায় সন্ন্যাসী হতে চান ও শিব মন্দিরে ঢোকার অনুমতি চান ওই তফসিলি জাতির বাসিন্দারা। সৃজন হাঁসদা নামে এক ব্যক্তি এই মামলা করেছেন। 

সম্পর্কিত সংবাদ