অভিনয় হোক বা প্রযোজনা— যেখানেই হাত দেন, সেখানেই যেন সাফল্য তাঁর জন্য অপেক্ষা করে। তিনি অর্থাৎ আলিয়া ভাট। অভিনয়ের পাশাপাশি ভিন্ন ধরনের গল্প প্রযোজনাতেও মন দিয়েছেন তিনি। আলিয়া প্রযোজিত ‘ডিফিকাল্ট ডটার্স’-এর মুকুটে এবার নতুন পালক। চলতি বছর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হল এই ছবি। পরিচালনা করেছেন আলিয়ার মা তথা অভিনেত্রী সোনি রাজদান। আলিয়ার সঙ্গে যৌথ প্রযোজনায় ছিলেন তাঁর দিদি শাহিন ভাট। ওই উৎসবে দেখানো হবে ছবিটি। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান প্রজেক্ট মার্কেট। নিজের ছবি নিয়ে সেখানে আলিয়া হাজির থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স ‘আলফা’র কাজ নিয়ে আপাতত ব্যস্ত নায়িকা। সব কিছু ঠিক থাকলে চলতি বছর ডিসেম্বরের শেষে মুক্তি পাবে ছবিটি। পাশাপাশি সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবির শ্যুটিংও করছেন আলিয়া। সে ছবিতে রণবীর কাপুর, ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করছেন তিনি।



