অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে ঝড় তুলছে সলমন খান অভিনীত ‘সিকান্দর’। আজ, রবিবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। তার আগেই বক্স অফিসে রেকর্ড ব্যবসা করতে চলেছে সিনেমাটি। দেশজুড়ে প্রায় ১০ কোটি টাকার কিছু বেশি টিকিট বুক হয়েছে। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি টিকিট বুকিং হয়েছে। টাকার অঙ্কে সেটি প্রায় ২ কোটি। এরপরই রয়েছে দিল্লি। প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকার টিকিট বুকিং হয়েছে রাজধানীতে। পশ্চিমবঙ্গে শুক্রবার পর্যন্ত ৬৬ লক্ষ টাকার অগ্রিম বিক্রি হয়েছে বলে খবর। ঈদের মরশুমকে টার্গেট করে সিনেমা মুক্তি সলমনের অন্যতম কৌশল। পাশাপাশি রবিবার কোনও ছবির মুক্তিও ব্যতিক্রম। এই দুই অঙ্কেই ‘সিকান্দর’ বাজিমাত করবে। এমনই মত সিনে বিশেষজ্ঞদের।



