মুম্বই: দু’গাল বেয়ে নেমে আসছে চোখের জল। বিধ্বস্ত, বিপর্যস্ত অবস্থায় সাহায্যের আর্তি জানাচ্ছেন একসময় বলিউড কাঁপানো অভিনেত্রী তনুশ্রী দত্ত। বাড়ির ভিতরেও তাঁর উপর চলছে মানসিক নির্যাতন। কখনও ফোনে হুমকি তো কখনও লাগাতার র নজরদারি। এমনকী বাড়িতে যে পরিচারিকা কাজ করতেন, তিনিও তনুশ্রীর ঘরের সব খবর বাইরে পাচার করতেন। এমনই অভিযোগ তুললেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভাইরাল ভিডিওয় বলিউড মাফিয়াদের দিকে আঙুল তুলেছেন ‘আশিক বানায়া আপনে’ খ্যাত তনুশ্রী। শুধু তাই নয়। নিজেকে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও তুলনা করেছেন তিনি। বলেছেন, এই হেনস্তার পর তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছেন যে, সুশান্তের যে পরিণতি হয়েছে, তা তাঁর সঙ্গেও হতে চলেছে। তনুশ্রীর দাবি, তিনি ঘরেও আর নিরাপদ নন। আর এর পিছনে রয়েছে বলিউডের মাফিয়া গোষ্ঠী, যারা তাঁকে শান্তিতে থাকতে দেবে না বলে ঠিক করে নিয়েছে।



