Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মুম্বইয়ের রাস্তায় হেনস্তার শিকার অভিনেত্রী সুমনা চক্রবর্তী, গাড়িতে হামলা

প্রকাশ্য দিবালোকে মুম্বইয়ের রাস্তায় হেনস্তার শিকার ছোটপর্দার জনপ্রিয় বাঙালি অভিনেত্রী সুমনা চক্রবর্তী। জানা গিয়েছে, গত ৩১ আগস্ট গাড়িতে চেপে কোলাবা থেকে ফোর্টের দিকে যাচ্ছিলেন তিনি।

মুম্বইয়ের রাস্তায় হেনস্তার শিকার অভিনেত্রী সুমনা চক্রবর্তী, গাড়িতে হামলা
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:০৯
Prefer us on Google

মুম্বই, ২ সেপ্টেম্বর: প্রকাশ্য দিবালোকে মুম্বইয়ের রাস্তায় হেনস্তার শিকার ছোটপর্দার জনপ্রিয় বাঙালি অভিনেত্রী সুমনা চক্রবর্তী। জানা গিয়েছে, গত ৩১ আগস্ট গাড়িতে চেপে কোলাবা থেকে ফোর্টের দিকে যাচ্ছিলেন তিনি। দক্ষিণ মুম্বইয়ের রাস্তায় তাঁর গাড়ি যানজটে আটকে পড়ে। সেই সময় হঠাৎই তাঁর গাড়িটি ঘিরে ধরেন মারাঠা কোটা আন্দোলনের বিক্ষোভকারীরা। অভিনেত্রীর গাড়ির উপর হামলাও চালানো হয় বলে অভিযোগ। গাড়ির জানলার কাছে জয় মহারাষ্ট্র বলে স্লোগান দেওয়া হয়। উপহাস এবং হাসাহাসি করেন বেশ কয়েকজন আন্দোলনকারী। স্বাভাবিকভাবেই নিরাপত্তাহীনতায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি। পাশাপাশি এই ঘটনায় মুম্বই পুলিসের নিস্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুমনা। 

Advertisement

অভিনেত্রীর দাবি সেখানে কাছাকাছি পুলিস কর্মীরা উপস্থিত ছিলেন। কিন্তু কার্যত নীরব দর্শকের ভূমিকাই পালন করেন। সাহায্যের জন্য এগিয়ে পর্যন্ত আসেননি তাঁরা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী পুরো ঘটনাটি জানিয়ে লেখেন, যদি গাড়িতে তিনি একা থাকতেন তাহলে হয়ত আরও অসহায় বোধ করতেন। কিন্তু সৌভাগ্যবশত সেই সময় তাঁর সঙ্গে একজন বন্ধু ছিলেন। যিনি তাঁকে কিছুটা ভরসা দেন। এই ঘটনার জেরে বাণিজ্যনগরীর আইন-শৃঙ্খলা নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন তিনি। অবিলম্বে এই অস্থির পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসনের কাছে আবেদনও জানিয়েছেন সুমনা। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টের পরই নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়। তবে পরে অজ্ঞাত কোনও কারণে অভিনেত্রী তাঁর পোস্টটি ডিলিট করে দেন। কিন্তু কেন তিনি পোস্টটি ডিলিট করলেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

Advertisement
সম্পর্কিত সংবাদ