Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুরীর হোটেল বুকিংয়ের ফাঁদে প্রতারিত ৮৩, উধাও ১৪ লক্ষ

বাঙালির জনপ্রিয় ডেস্টিনেশন পুরী। সেই সুযোগ কাজে লাগাচ্ছে দুষ্কৃতীরা। হোটেল বুক করার নামে চলছে প্রতারণা। পুরীর প্রথমসারির জনপ্রিয় একাধিক হোটেলের নাম ভাঁড়িয়ে জাল ওয়েবসাইট তৈরি করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল লালবাজার।

পুরীর হোটেল বুকিংয়ের ফাঁদে প্রতারিত ৮৩, উধাও ১৪ লক্ষ
  • ২৮ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঙালির জনপ্রিয় ডেস্টিনেশন পুরী। সেই সুযোগ কাজে লাগাচ্ছে দুষ্কৃতীরা। হোটেল বুক করার নামে চলছে প্রতারণা। পুরীর প্রথমসারির জনপ্রিয় একাধিক হোটেলের নাম ভাঁড়িয়ে জাল ওয়েবসাইট তৈরি করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল লালবাজার। ধৃতের নাম হুজাইফা সাব্বির দরবার (৪১)। কলকাতার ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, কলকাতা পুলিশের সাইবার থানার গোয়েন্দারা পুনে থেকে সাব্বিরকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে।

Advertisement

ঘটনার সূত্রপাত গত বছর মে মাসের গোড়ার দিকে। ভিনরাজ্যের সাইবার দুষ্কৃতীদের একটি দল পুরীর একাধিক নামী হোটেলের নামে নকল ওয়েবসাইট তৈরি করে প্রতারণার কারবার ফেঁদে বসে। এরাজ্যের বাসিন্দাদের কাছে এই হোটেলগুলি অত্যন্ত প্রিয়। ফলে সেই জাল ওয়েবসাইটগুলিকে আসল ভেবে কলকাতা তথা এরাজ্যের ৮৩ জন বাসিন্দা হোটেল বুক করতে গিয়ে অগ্রিম বাবদ অনলাইনে পেমেন্ট করেন। এরফলে প্রায় ১৪ লক্ষ টাকা খোয়ান তাঁরা। সাইবার জালিয়াতদের খপ্পরে পড়ে প্রতারিত হয়েছেন বুঝতে পারার পরই তাঁরা থানার পাশাপাশি লালবাজার সাইবার থানার দ্বারস্থ হন।

গত বছর জুলাই মাসে প্রতারিত ৮৩ জনের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্তে নামেন লালবাজার সাইবার থানার গোয়েন্দারা। তদন্তে নেমে কলকাতা পুলিশের সাইবার থানার গোয়েন্দারা একাধিক মোবাইল সার্ভিস প্রোভাইডারের দেওয়া গ্রাহক-পরিচিতি সংক্রান্ত তথ্য ও আইপি অ্যাড্রেসের সূত্র ধরে সাইবার দুষ্কৃতীদের দলটিকে চিহ্নিত করার কাজ  শুরু করেন। প্রায় ছ’মাসের তদন্ত শেষে লালবাজার সাইবার থানার গোয়েন্দারা কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে সোমবার মহারাষ্ট্রের পুনেতে হানা দেন। সেখান থেকে মঙ্গলবার ভোর রাত ৩টে নাগাদ হুজাইফা সাব্বির দরবার নামে এক অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতের অফিসে তল্লাশি চালিয়ে গোয়েন্দারা একটি মোবাইল, ল্যাপটপ, পেনড্রাইভ বাজেয়াপ্ত করেছেন। ধৃতকে কলকাতায় আনা হচ্ছে। সব ঠিক থাকলে আজ বুধবার তাকে কোর্টে তোলা হবে। লালবাজার সূত্রে খবর,  বুকিং কাণ্ডে প্রতারিতদের সংখ্যা আরো বাড়তে পারে। গোয়েন্দারা বলছেন, পুরীতে হোটেল বুকিংয়ের সময় অনেকে তাড়াহুড়ো করতে গিয়েই প্রায় একই রকম দেখতে জাল ওয়েবসাইটের চক্করে পড়ছেন। ধৃতকে জেরা করে গোয়েন্দারা এই চক্রের বাকিদের হদিশ পেতে চাইছেন।

সম্পর্কিত সংবাদ