নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ডিজিটাল অ্যারেস্টের নামে এক ব্যক্তির থেকে ৩ কোটি ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে শিলিগুড়ি থেকে এক মহিলা সহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল কলকাতা পুলিসের সাইবার ক্রাইম বিভাগ। ধৃতদের নাম কুন্দন মিশ্র ও দেবযানী নাগ। ধৃতদের বাড়ি যথাক্রমে শিলিগুড়ির ইস্কন মন্দির রোড ও ডাবগ্রামে। গতবছর নভেম্বর মাসে কলকাতার এক ব্যক্তির কাছে অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনে তাঁকে জানানো হয়, মুম্বই ক্রাইম ব্রাঞ্চ থেকে তাঁর নামে একটি মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার মামলা হয়েছে। এরপর ওই ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে সুপ্রিম কোর্টের ভুয়ো অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠানো হয়। এরপর ধাপে ধাপে তাঁর ১১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩ কোটি ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই ব্যক্তি অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিসের সাইবার ক্রাইম বিভাগে। তদন্তে নেমে পুলিস কলকাতা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে শিলিগুড়ির দুই অভিযুক্তের খবর পায় পুলিস। শুক্রবার রাতে শিলিগুড়ির দুই জায়গায় অভিযান চালানো হয়। ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কুন্দন মিশ্রকে। ডাবগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় দেবযানী নাগকে। শনিবার ট্রানজিট রিমান্ডে ওই দু’জনকে কলকাতা এনেছে পুলিস।



