


নিজস্ব প্রতিনিধি, বারাসত: এসআইআরে উত্তর ২৪ পরগনা জেলায় ইতিমধ্যে প্রায় ১ লক্ষ ৪২ হাজার ভোটারের নাম বাদ পড়েছে তালিকা থেকে। তাঁদের একটা বড় অংশ নিজেদের ভোটাধিকার নিশ্চিত করতে নতুন করে আবেদনে বাধ্য হচ্ছেন। জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৩২ হাজার ভোটার নতুন করে নাম তোলার জন্য আবেদন করেছেন। এর মধ্যে প্রায় ২২ হাজার আবেদন জমা পড়েছে অফলাইনে। ১০ হাজার ভোটার অনলাইনের মাধ্যমে এই আবেদন করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, উত্তর ২৪ পরগনা জেলায় ভোটগ্রহণ হবে আগামী ২৯ এপ্রিল। যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে জানা গিয়েছে, তাঁদের অনেকেই প্রয়োজনীয় নথি নিয়ে বিডিও অফিস, মহকুমা শাসকের কার্যালয় এবং জেলাশাসকের দপ্তরে গিয়ে আবেদন জমা দিয়েছেন। অনেক ক্ষেত্রে আবেদন জমা দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, শুধু অফলাইন নয়, অনলাইনেও নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন গ্রহণ করা হবে। ফলে অনেকেই বাড়িতে বসে আবেদন করতে পেরেছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে অনলাইন পদ্ধতির প্রতি আগ্রহ বেশি দেখা যাচ্ছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মূলত বারাসত ও বারাকপুরের দিকে নাম বাদ যাওয়া ভোটারদের নতুন করে নাম তোলার জন্য আবেদনের সংখ্যা বেশি। বনগাঁ মহকুমায় তুলনামূলক কম। এই আবেদনগুলি নির্দিষ্ট নিয়ম মেনে যাচাই করা হবে। নথিপত্র সঠিক থাকলে আবেদনকারীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ভোটের আগে যাতে কোনো যোগ্য নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, সেই বিষয়টি সামনে রেখেই নতুন করে নাম তোলার প্রক্রিয়াকে গুরুত্ব দিচ্ছে প্রশাসন।