Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিভিকদের ৩ মাসের প্রশিক্ষণে খরচ ৩০০ কোটি, চিন্তায় নবান্ন

রাজ্য পুলিসের সিভিক ভলান্টিয়ারদের তিন মাসের প্রশিক্ষণের জন্য খরচ হবে ৩০০ কোটির বেশি টাকা। বিপুল এই খরচ কোথা থেকে আসবে, তা নিয়ে চিন্তায় পড়েছে নবান্ন।

সিভিকদের ৩ মাসের প্রশিক্ষণে খরচ ৩০০ কোটি, চিন্তায় নবান্ন
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: রাজ্য পুলিসের সিভিক ভলান্টিয়ারদের তিন মাসের প্রশিক্ষণের জন্য খরচ হবে ৩০০ কোটির বেশি টাকা। বিপুল এই খরচ কোথা থেকে আসবে, তা নিয়ে চিন্তায় পড়েছে নবান্ন। প্রশিক্ষণের জন্য একজন সিভিক পিছু কত খরচ পড়বে, কিছুদিন আগে সেই বাজেট চেয়েছিলেন প্রশাসনের শীর্ষকর্তারা। তখন এই হিসেব পাঠানো হয় পুলিসের তরফে। বিষয়টি নিয়ে অর্থদপ্তরের সঙ্গে কথা বলছে স্বরাষ্ট্র দপ্তর। কোনও কারণে শেষ পর্যন্ত টাকার ব্যবস্থা না করা গেলে প্রশিক্ষণ আদৌ হবে কি না, সংশয় তৈরি হয়েছে। 

Advertisement

রাজ্যজুড়ে লক্ষাধিক সিভিককে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন কেন পড়ল? সূত্রের খবর, সিভিকদের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ রয়েছে। তোলাবাজি, হেনস্তা, সাধারণ মানুষকে মারধর থেকে শুরু করে অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ আকছার শোনা যায়। এমনকী, পুলিসের সহযোগী হিসেবে কাজ করা সিভিক ভলান্টিয়ারদের একাংশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ঠিকমতো পালন করছে না বলে জানতে পেরেছেন আধিকারিকরা। এই অবস্থায় সিভিকদের শৃঙ্খলায় বাঁধতে সরকার গত অক্টোবর মাসে সিদ্ধান্ত নেয়, তাঁদের তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। চলতি বছরের জানুয়ারি থেকেই তা শুরু হওয়ার কথা ছিল। কলকাতা পুলিসে প্রশিক্ষণ শুরু হয়ে গেলেও রাজ্য পুলিসে কবে হবে, জানা নেই। 
সূত্রের খবর, রাজ্য পুলিসের অধীনে ১ লক্ষ ২৪ হাজার ৭১৪ জন সিভিক আছেন। সিদ্ধান্ত হয়, প্রতিটি ইউনিট বা জেলায় তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা হবে। কিন্তু এর জন্য যে টাকার প্রয়োজন, তা আজও না আসায় রাজ্য পুলিসের কোনও ইউনিটেই প্রশিক্ষণ শুরু করা যায়নি। পুলিসের তরফে নবান্নে যে বাজেট পাঠানো হয়েছে, তাতে শীতকাল এবং গ্রীষ্মকালে প্রশিক্ষণ পর্ব চালালে কীরকম খরচ হতে পারে, তা আলাদাভাবে দেখানো হয়েছে। গরমের সময় প্রশিক্ষণ দিতে গেলে পোশাক সহ অন্যান্য সরঞ্জাম মিলিয়ে প্রতি সিভিক পিছু মাসে খরচ হবে ৪৫২৬ টাকা। শীতকালে সেই খরচই পড়বে ৬১২৯ টাকা করে। মেস চার্জ ও আইনের বইয়ের জন্য মাসিক খরচ ধরা হয়েছে যথাক্রমে ৪,৮০৫ ও ৫৯৫ টাকা। এছাড়া খেলার সরঞ্জাম, পরীক্ষার খরচ সহ অন্যান্য খরচ রয়েছে। বলা হয়েছে, সিভিক পিছু তিন মাসের প্রশিক্ষণের জন্য শীত ও গ্রীষ্মে খরচ হবে যথাক্রমে ২৭,৮০৬ টাকা ও ২৪,৬০০ টাকা। গরমে প্রশিক্ষণ চালালে সব মিলিয়ে ৩০৭ কোটি এবং শীতে হলে ৩৪৭ কোটি সম্ভাব্য খরচ ধরা হয়েছে। এই রিপোর্ট জমা পড়ার পরই চিন্তা বেড়েছে নবান্নের। এমনিতেই সরকারের বিপুল  আর্থিক  বোঝা  রয়েছে। তার উপর সিভিকদের প্রশিক্ষণ দেওয়ার এই বাড়তি খরচ জোটানো বেশ ঝক্কির বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ