নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা এসআইআর) কবে শুরু হবে, তা এখনও জানায়নি নির্বাচন কমিশন। তার আগেই কমিশনের নির্দেশ মতো স্থির হয়ে গেল রাজ্যের বর্ধিত বুথ সংখ্যা। খসড়া হিসেব অনুযায়ী রাজ্যে ১৩ হাজার ৮১৬টি বুথ বাড়তে চলছে। রাজ্যের প্রত্যেক জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের পাঠানো তালিকা অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। পশ্চিমবঙ্গে বর্তমানে বুথের সংখ্যা ৮০ হাজার ৬৮১। বর্ধিত বুথ যোগ হলে সংখ্যাটা দাঁড়াবে ৯৪ হাজার ৪৯৭। নিয়ম অনুযায়ী বুথ বিন্যাসের এই নয়া তালিকা ইতিমধ্যে স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছে পাঠিয়ে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর (সিইও অফিস)। এবার রাজনৈতিক দলগুলির মতামত জানতে সর্বদল বৈঠক ডাকা হবে। আগামী বুধবারই সেই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর বৈঠকে গৃহীত সিদ্ধান্ত এবং জেলাশাসকদের রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে দিল্লিতে কমিশনের দপ্তরে। তারপরই রাজ্যের চূড়ান্ত বুথ সংখ্যা নির্ধারণ করে বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশ করবে কমিশন। এতদিন একটি বুথে সর্বাধিক ১৫০০ ভোটার ভোটদান করতে পারতেন। কালীগঞ্জ বিধানসভার উপ নির্বাচন থেকেই একটি বুথে সর্বাধিক ১২০০ ভোটারের নয়া নিয়ম চালু করে কমিশন। সেই হিসেবেই বাড়তে চলছে রাজ্যের মোট বুথ সংখ্যা।



