নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পঞ্চায়েত ও স্বাস্থ্যদপ্তরের মাঝে ত্রিশঙ্কু অবস্থায় রয়েছেন ১২৪০ জন আয়ুষ চিকিৎসক। তাঁদের সিংহভাগই হোমিওপ্যাথিক চিকিৎসক। কিছু আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসকও আছেন। পঞ্চায়েত দপ্তরের অধীনে তাঁরা চুক্তিভিত্তিক চিকিৎসক হিসেবে কাজ করেন। ভাতার অর্থ আবার আসে স্বাস্থ্যদপ্তরের জাতীয় স্বাস্থ্য মিশন ও স্টেট বাজেট থেকে। পঞ্চায়েত দপ্তর তাঁদের নিয়োগকর্তা। কিন্তু কাজ করেন স্বাস্থ্যের। তাঁরা বসেন গ্রাম পঞ্চায়েতগুলির আয়ুষ ডিসপেনসারিতে বা সুস্বাস্থ্য কেন্দ্রে। তাঁদের অভিযোগ, ১২ বছর ধরে ১৬ হাজার টাকা মাসিক ভাতায় কাজ করে চলেছেন তাঁরা। না আছে অবসরকালীন কোনও আর্থিক সুযোগসুবিধা, না আছে পরিবারকে মৃত্যুকালীন আর্থিক অনুদান। এমনকী, স্বাস্থ্যদপ্তরের অন্যান্য শাখার চুক্তিভিত্তিক আয়ুষ ডাক্তারদের মতো ছুটির সুবিধাও পান না তাঁরা। আগে ৪ ঘণ্টা ডিউটি ছিল। গত কয়েক বছর ধরে ডিউটির সময় বেড়ে ৬ ঘণ্টা হয়েছে। বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তার উপর ১৫-২০ কিমি বা তারও বেশি দূর থেকে বাড়ি ফেরা। ফলে ন্যূনতম প্র্যাকটিস করে আয় বাড়ানোর সুযোগও কার্যত বন্ধ।



