একটা সময় ছিল, যখন মানুষের দৈনন্দিন জীবন নির্ভর করত এমন কিছু পেশার ওপর, যেগুলো আজকের দিনে আমাদের কাছে প্রায় অচেনা। সময়ের পরিবর্তন, বিজ্ঞানের অগ্রগতি এবং আধুনিক প্রযুক্তির হাত ধরে মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়েছে ইতিমধ্যেই। কিন্তু এই উন্নতির পাশাপাশি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বহু প্রাচীন পেশা, যেগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। তাহলে জেনেনি এমনই কিছু পেশার কথা, যেগুলি একসময় ছিল অত্যন্ত পরিচিত, কিন্তু আজকের দিনে এসে ক্রমশ হারিয়ে যাচ্ছে সেগুলি।
শিল কাটাই: একসময় বাংলার প্রায় প্রতিটি রান্নাঘরে শিল-নোড়ার ব্যবহার ছিল। যা আজকের দিনে এসে কোথাও যেন হারিয়ে গিয়েছে। মশলা বাটা থেকে শুরু করে বিভিন্ন রান্নার উপকরণ প্রস্তুত করতে শিলনোড়ার প্রয়োজন হতো। আর এই শিলনোড়া তৈরি করতেন বিশেষ দক্ষ কারিগররা। শক্ত পাথর কেটে, ঘষে ও আকার দিয়ে তৈরি করতেন শিল ও নোড়া। কিন্তু বর্তমানে মিক্সার গ্রাইন্ডার ও আধুনিক রান্নার সরঞ্জামের ব্যবহারে শিলনোড়ার চাহিদা অনেক কমে গিয়েছে। ফলে এই পেশার সঙ্গে যুক্ত বহু কারিগরের কাজও কমে গিয়েছে।
বেত শিল্প: একসময় পাড়ায় পাড়ায় দেখা যেত এমন কিছু কারিগর, যাঁরা ভাঙা বা পুরানো চেয়ারে নতুন করে দড়ি, বেত কিংবা প্লাস্টিকের ফিতে বুনে বসার জায়গা তৈরি করতেন। এই কারিগরের হাতের নিপুণ কাজে একটি পুরানো চেয়ার আবার নতুনের মতো ব্যবহারযোগ্য হয়ে উঠত। বিশেষ করে কাঠের চেয়ার ও মোড়া মেরামতের কাজে তাঁদের বেশ চাহিদা ছিল। কিন্তু বর্তমান দিনে কম দামে নতুন চেয়ার পাওয়া যাওয়া এবং আধুনিক আসবাবপত্রের ব্যবহারের কারণে এই ঐতিহ্যবাহী পেশার চাহিদা অনেকটাই কমে গিয়েছে।
রেডিও মেকানিক: একসময় রেডিও ছিল খবর শোনা, গান শোনা ও বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। রেডিও নষ্ট হয়ে গেলে তা সারানোর জন্য মানুষ নির্ভর করতেন বিশেষ মিস্ত্রিদের ওপর। কিন্তু স্মার্টফোন, টেলিভিশন ও ডিজিটাল বিনোদনের প্রসারে এই পেশার চাহিদা দিন দিন কমে গিয়েছে। আগামী দিনে এই কারিগরদের আর দেখা যাবে কি না তা এখন দেখার বিষয়।
বায়োস্কোপওয়ালা: একসময় গ্রামবাংলার মেলা, হাট ও বিভিন্ন উৎসবে দেখা যেত বায়োস্কোপওয়ালাদের। তাঁরা একটি কাঠের বাক্সের মতো যন্ত্র নিয়ে ঘুরে বেড়াতেন, যার মধ্যে ছোট ছোট ছবি বা চলমান দৃশ্য দেখা যেত। শিশুরা সেই বাক্সের ছোট লেন্সে চোখ রেখে বিভিন্ন ছবি দেখত। বায়োস্কোপওয়ালারা গান বা ছড়ার মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করতেন। কিন্তু বর্তমানে টেলিভিশন, সিনেমা, স্মার্টফোন ও ইন্টারনেটের প্রসারের কারণে এই ঐতিহ্যবাহী পেশা প্রায় হারিয়ে গিয়েছে বললেই চলে।
ভিস্তিওয়ালা: একসময় বাড়ি, দোকান কিংবা বিভিন্ন স্থানে জল পৌঁছে দেওয়ার জন্য ভিস্তিওয়ালাদের ওপর নির্ভর করতে হতো সাধারণ মানুষদের। তাঁরা চামড়ার তৈরি বড় মশকে জল ভরে কাঁধে বা পিঠে বহন করে মানুষের কাছে পৌঁছে দিতেন। কিন্তু বর্তমানে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ এবং আধুনিক জল ব্যবস্থার কারণে এই পেশা প্রায় হারিয়ে যেতে বসেছে। সেই জেরেই আজকের দিনে এদের দেখা নেই বললেই চলে।
লণ্ঠন ও কুপি মেরামতকারী: একসময় গ্রামবাংলার বহু বাড়িতে রাতের অন্ধকার দূর করার একমাত্র ভরসা ছিল কেরোসিনের লণ্ঠন, হ্যারিকেন ও কুপি। এগুলো নষ্ট হয়ে গেলে মেরামত করার জন্য মানুষ নির্ভর করতেন বিশেষ কারিগরদের ওপর। কিন্তু বর্তমানে বিদ্যুৎ, এলইডি বাল্ব ও আধুনিক আলোর ব্যবস্থার কারণে এই পেশার প্রয়োজনীয়তা অনেক কমে গিয়েছে। সেই কারণেই এই কারিগরদের এখন দেখা মেলে না বললেই চলে।
শান মিস্ত্রি: একসময় পাড়ায় পাড়ায় ঘুরে ছুরি, কাঁচি ও বিভিন্ন ধারালো যন্ত্রে শান দিতে যেতেন এই কারিগররা। তাঁদের সঙ্গে থাকত একটি বিশেষ ধার দেওয়ার যন্ত্র। কিন্তু বর্তমানে আধুনিক যন্ত্রপাতি ও নতুন সামগ্রীর কারণে এই পেশার চাহিদা অনেকটাই কমে গিয়েছে।



