ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আয়োজিত আসিয়ান-এর বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ম্যানিলায় এই সফরে কোন রাষ্ট্রনেতাকে ঠিক কী উপহার দিলেন প্রধানমন্ত্রী? একনজরে দেখে নেওয়া যাক তার বিস্তারিত তালিকা...
অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে রাজস্থানের ঐতিহ্যবাহী ‘ব্লু পটারি’ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। রাজস্থানের এই হস্তশিল্প এক অনন্য ঐতিহ্য বহন করে আসছে। এর গাঢ় নীল রঙের দৃষ্টিনন্দন নকশা এবং অত্যন্ত যত্নসহকারে হাতে আঁকা ফুল, পাখি ও নানা ধরনের কারুকার্য বিশ্বজুড়ে পরিচিত।
জাপান: ফিলিপিন্সে আসিয়ানের বার্ষিক শীর্ষ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রীকে একটি সুদৃশ্য সাদেলি বাক্সে রাখা রয়্যাল ব্লু বা গাঢ় নীল রঙের বেনারসি কাতান সিল্কের স্টোল (উত্তরীয়) উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মার্কিন যুক্তরাষ্ট্র: আসিয়ান সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টকে রাজস্থানের ঐতিহ্যবাহী পিচওয়াই চিত্রকর্ম উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজস্থানের নাথদ্বারার এই ঐতিহ্যবাহী চিত্রশিল্প মূলত কাপড়ের উপর সোনালি কারুকার্যে ফুটিয়ে তোলা হয়, যা শিল্পীদের অসামান্য দক্ষতার পরিচয় দেয়।
ভিয়েতনাম: ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে একটি ঐতিহ্যবাহী লেদার ওয়াল হ্যাংগিং উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূক্ষ্ম কারুকার্য, জ্যামিতিক নকশা এবং নানান রঙের ফুলের সমাহারে ফুটিয়ে তোলা হয় ভারতের এই লোকশিল্পের নিদর্শন।
পূর্ব তিমোর: আসিয়ান সম্মেলনে যোগ দিতে ম্যানিলা সফরে গিয়ে পূর্ব তিমোরের প্রধানমন্ত্রীকে একটি ‘অ্যাগেট’ বা এক ধরনের মূল্যবান পাথর বাটি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রাকৃতিক অ্যাগেট বা আকিক পাথর খোদাই করে এটি তৈরি করা হয়। এর বৈচিত্র্যময় রঙের কারণে প্রত্যেকটি বাটি একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা হয়।
থাইল্যান্ড: এই সম্মলনে গিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে ঐতিহ্যবাহী ‘রোগান আর্ট’ উপহার দিয়েছেন মোদি। রোগন শিল্প হল গুজরাতের কচ্ছের অঞ্চলের একটি দুর্লভ ও শত শত বছরের পুরনো বস্ত্রচিত্রকলা ঐতিহ্য।
ফিলিপিন্স: ফিলিপিন্সের প্রেসিডেন্টকে তিনি উপহার দিয়েছেন, একটি কাশ্মীরি সিল্কের কার্পেট। এই কার্পেট একটি অত্যন্ত ঐতিহ্যবাহী ও হাতে বোনা শিল্পকর্ম, যা আজও গোটা বিশ্বে জনপ্রিয়। শোনা যায়, এই একটি কার্পেট সম্পূর্ণ করতে নাকি এক মাস বা এক বছরও লেগে যায়।
সিঙ্গাপুর: আসিয়ান সম্মেলনে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে একটি ‘গন্ড পেইন্টিং’ বা গন্ড চিত্র উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার ‘গন্ড’ আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এই ঐতিহ্যবাহী লোকশিল্পে বিন্দু, রেখা ও উজ্জ্বল রঙের ব্যবহারে প্রকৃতি ও বন্যপ্রাণীর রূপ ফুটিয়ে তোলেন।
মালয়েশিয়া: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে একটি রুপোর কাজ করা ভারতীয় ‘উরলি’ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রুপোর তৈরি এই ঐতিহ্যবাহী সজ্জাপাত্রটিতে নিখুঁত কারুকার্যের পাশাপাশি অত্যন্ত সুন্দরভাবে পাতার নকশা খোদাই করা রয়েছে।
ইন্দোনেশিয়া: সম্মেলনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে একটি ‘চোল ব্রোঞ্জ মূর্তি’ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রাচীন পদ্ধতিতে নিখুঁত মোমের মূর্তির উপর মাটির প্রলেপ দিয়ে এবং পরে গলিত ব্রোঞ্জ ঢেলে এই ভাস্কর্যগুলি তৈরি করা হয়।
লাওস: আসিয়ান সম্মেলনে লাওসের প্রধানমন্ত্রীকে সোনার কারুকার্য করা একটি গোলাপি কোয়ার্টজ পাথরের হাতি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজস্থানের পাথর খোদাই শিল্পের এক অসাধারণ নিদর্শন এই গোলাপি কোয়ার্টজ হাতিটি।



