নয়াদিল্লি: লখনউ সুপার জায়ান্টসে জাহির খানের ইনিংস শেষের পথে। গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হওয়ার পর তাঁর জায়গায় জাহিরকে দায়িত্ব দিয়েছিল লখনউ। কিন্তু গত আইপিএলে এলএসজি’র পারফরম্যান্স আশানুরূপ ছিল না। তাই জাহিরকে বিদায় জানানোর পরিকল্পনা ফ্র্যাঞ্চাইজিটির। সেই মতো ভরত অরুণকে কেকেআর ছেড়ে দেওয়া মাত্র লুফে নেয় লখনউ। তাঁকে বোলিং কোচ করা হয়েছে। আইপিএল সহ বিদেশি লিগে এলএসজি’র অন্য দলকেও কোচিং করাবেন ভরত। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত ভালোভাবে নেননি জাহির। তিনি আর লখনউয়ে থাকতে চাইছেন না। ফলে এলএসজি’র মেন্টর পদ থেকে তাঁর বিদায় শুধু সময়ের অপেক্ষা। ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা এখন লন্ডনে। দ্য হান্ড্রেড লিগে তাঁর দল ম্যাঞ্চেস্টার অরিজিনালস খেলছে। এছাড়াও দক্ষিণ আফ্রিকায় রয়েছে ডারবান সুপার জায়ান্টস। এই তিনটি দলকে নতুন করে সাজাতে চাইছেন এলএসজি কর্তারা। তাই জাহিরের জায়গায় নতুন মেন্টর নিয়োগ করা হবে। সঞ্জীব গোয়েঙ্কা দেশে ফেরার পর সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলে শোনা যাচ্ছে।



