


বার্মিংহাম: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লুসিএল) প্রতিযোগিতার সেমি-ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিল ভারতীয় দল। পহেলগাঁওয়ে জঙ্গী হামলার প্রতিবাদে গ্রুপ পর্বেও পাকিস্তান ম্যাচ বয়কট করেছিলেন হরভজন, পাঠান, যুবরাজরা। বৃহস্পতিবার এজবাস্টনে শেষ চারের সূচিতেও মুখোমুখি দুই দল। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা যথারীতি ম্যাচটি খেলতে রাজি নয়। ফলে ওয়াক-ওভার পেয়ে ফাইনালে উঠতে চলেছে শাহিদ আফ্রিদির দল।
প্রতিযোগিতার অন্যতম স্পনসর ইজমাইট্রিপ এক বিবৃতিতে জানিয়েছে যে, ক্রিকেট ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। তারা ভারতের অবস্থানের পক্ষে। সংস্থার মালিক নিশান্ত পিট্টির কথায়, ‘কিছু জিনিস খেলাধুলার চেয়েও বড়। প্রথমে দেশ, তারপর ব্যবসা। পাকিস্তান সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়। অন্য প্রতিপক্ষের সঙ্গে ওদের গুলিয়ে ফেললে চলবে না। তাই ভারত-পাকিস্তান ম্যাচে আমরাও যুক্ত থাকছি না।’ উল্লেখ্য, মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে কার্যত উড়িয়ে দিয়ে সেমি-ফাইনালে উঠেছিল ভারত।
যুবরাজ সিংয়ের দল যতই এই আসরে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিক, এশিয়া কাপে দুই প্রতিবেশী দেশ মুখোমুখি হচ্ছে। এমনকী, তিনবার হতে পারে এই মহারণ। ক্রিকেট মহলে অবশ্য অনেকেই পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে খেলার বিপক্ষে। উত্তপ্ত রাজনৈতিক সম্পর্কের কারণে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বহুদিন ধরেই বন্ধ। পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর উত্তেজনা আরও বেড়েছে। এমন এক আবহে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ম্যাচ নিয়ে চলছে চর্চা।