ঢাকা: নির্বাচন নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের উপর চাপ বাড়াল বিএনপি। খালেদা জিয়ার দলকে আগামী সোমবার ফের আলোচনার জন্য ডেকেছেন প্রধান উপদেষ্টা। তার আগে বিএনপির অভিযোগ, নির্বাচন নিয়ে কোনও কথা না বলে ইউনুস শুধু সংস্কারের টোপ দিচ্ছেন। শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের কটাক্ষ, ‘আনুষ্ঠানিকতা আর আলোচনার কোনও খামতি নেই, কিন্তু কাজের কাজ নিয়ে কোনও খবর নেই। ২ তারিখে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। প্রথম পর্যায়ে আলোচনার একবার উদ্বোধন করেছেন। দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন। এভাবে আপনারা আমাদের সংস্কারের কুমির ছানা দেখাচ্ছেন!’
ইউনুসের উদ্দেশে তিনি বলেন, ‘কেন আপনি ডিসেম্বরের পরে নির্বাচন আয়োজন করতে চান, তার পক্ষে একটিও যুক্তি নেই। শুধু ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনে কথা বলে চলেছেন। ডিসেম্বরের আগেই নির্বাচন করতে হবে, এটা বাংলাদেশের মানুষের দাবি, আমাদের দাবি।’
গত বুধবার রাজধানী ঢাকায় বিরাট জনসমাবেশ করে ইউনুস সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়েছিল বিএনপি। সেই সমাবেশেও সালাহউদ্দিন অভিযোগ করেছিলেন, ইউনুস পদত্যাগের নাটক করছেন। এদিন বিএনপি নেতা বলেন, ‘আপনারা নিজেদের মতো করে যেসব সংস্কার সংবিধানে চান, সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে, এই ইগো কেন আপনারা লালন করেন? আপনারা কেন জাতীয় সাংবিধানিক কাউন্সিলকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দেশের বাকি সব অঙ্গকে বেকার করে দিতে চান? কেন সেটা আমাদের মানতে হবে?’ তিনি আরও জানান, যারাই ক্ষমতায় আসবে, তারা সংস্কার ও বিচার চালিয়ে নিয়ে যাবে। সংস্কার কখনও শেষ হয় না।