Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টাকা নিয়ে বচসার জেরেই খুন যুবক, মধ্যমগ্রামে গ্রেপ্তার চার

প্রাক্তন পুলিশকর্মীর বাগানবাড়িতে দেহ উদ্ধারের ঘটনায় সোমবার চারজনকে আটক করা হয়েছিল। পরে তাদের গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।

টাকা নিয়ে বচসার জেরেই খুন  যুবক, মধ্যমগ্রামে গ্রেপ্তার চার
  • ১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রাক্তন পুলিশকর্মীর বাগানবাড়িতে দেহ উদ্ধারের ঘটনায় সোমবার চারজনকে আটক করা হয়েছিল। পরে তাদের গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। ধৃতেরা হল, আজহারউদ্দিন, অভিজিৎ কুরি, দীপেন্দু রায় ও উত্তম দেবনাথ। ধৃত আজহার প্রাক্তন পুলিশকর্মীর ছেলে। মঙ্গলবার বারাসত আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন বিচারক। 

Advertisement

মৃতের নাম বুদ্ধদেব মণ্ডল (২৪)। তদন্তকারীরা জেনেছে, টাকা-পয়সা নিয়ে বচসার জেরেই খুন করা হয়েছে যুবককে। প্রায় সারারাত বচসা চলে মদের আসরে। ভোররাতে বুদ্ধদেবের মাথায় হাতুড়ি জাতীয় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। মারের চোটে অচৈতন্য হয়ে পড়লে আসরে থাকা চারজন বুদ্ধদেবকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু, নেশার কারণে তা আর সম্ভব হয়নি বলেই জেরায় জেনেছে পুলিশ। এই খুনের ঘটনা কি পূর্বপরিকল্পিত, জানার চেষ্টা চলছে। চলতি সপ্তাহেই ঘটনাস্থলে আসবে ফরেন্সিক টিম। এলাকা ঘিরে রাখা হয়েছে। আর সেখানে ভারী অস্ত্র পড়ে আছে বলেই দাবি পুলিশের। ফরেন্সিক এসে তা উদ্ধার করবে। তাই, আসল কারণ জানতে জেল হেফাজতের পর ধৃতদের নিজেদের হেফাজতে নেবে পুলিশ। 
উল্লেখ্য, সোমবার সকালে মধ্যমগ্রাম পুরসভার সাতনম্বর ওয়ার্ডের হুমাইপুরে প্রাক্তন পুলিশকর্মী মতিয়ার রহমানের বাড়ির বাগান থেকে বুদ্ধদেব মণ্ডলের (২৪) মৃতদেহ উদ্ধার হয়। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মতিয়ার রহমানের মৃত্যুর পর থেকে হুমাইপুরের এই বাড়িতে থাকতেন মতিয়ারের স্ত্রী ও এক ছেলে আজহারুদ্দিন। বাবার মৃত্যুর পর থেকেই একমাত্র ছেলের শুরু হয় তাণ্ডব। বাড়ির মধ্যেই চলত নেশার আসর। বাইরে থেকে লোকজন নেশা করতে আসতে শুরু করে সেখানে। এলাকাবাসী একাধিকবার এনিয়ে বিরোধিতা করলেও কাজের কাজ হয়নি। সেদিন রাতেও একইভাবে বসে মদের আসর। সোমবার সকালে সেখান থেকেই উদ্ধার হয় দেহ। মতিয়ারের স্ত্রী সহ মোট পাঁচজনকে আটক করে পুলিশ। পরে জেরায় পুলিশ জেনেছে বচসার জেরে বুদ্ধদেবকে খুন করেছে তার চারবন্ধু। খুনের বিষয়ে আজাহারউদ্দিনের মায়ের কোনও যোগ না পাওয়ায় পুলিশ তাঁকে ছেড়ে দেয়। মঙ্গলবার তাদের আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ