নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোমবার সকালে সংসদ ভবন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন মধ্যপ্রদেশের এক যুবক। পার্লামেন্ট স্ট্রিটের অদূরেই যন্তরমন্তরে এহেন ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এহেন একটি ভিভিআইপি এলাকায় কীভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকতে পারলেন বছর চল্লিশের লোকেন্দ্র, তা নিয়েই চর্চা শুরু হয়েছে। কারণ দিল্লির যন্তরমন্তরের অদূরে শুধুই সংসদ ভবন অবস্থিত, তা নয়। এর মাত্র কয়েক কিলোমিটারের মধ্যেই নর্থ ব্লক, সাউথ ব্লক, বিজয় চক, রাষ্ট্রপতি ভবন, রেলভবন, শাস্ত্রীভবনের মতো অতি গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় রয়েছে। অর্থাৎ, ঘটনাস্থলের নিকটবর্তী স্থানেই তামাম কেন্দ্রীয় সচিবালয়ের কাজকর্ম হয়ে থাকে। এই প্রেক্ষিতেই সটান আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে আত্মহত্যার ঘটনা আদতে দিল্লির আমজনতার সুরক্ষা ও নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। স্বাভাবিক কারণেই এক্ষেত্রে কাঠগড়ায় উঠছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের আওতাভুক্ত দিল্লি পুলিসের ভূমিকাও। যন্তরমন্তরের যে বিস্তীর্ণ এলাকা বিক্ষোভ-অবস্থানের জন্য অনুমোদিত, সেখানে দু’দিক দিয়েই ঢোকার ব্যবস্থা রয়েছে। দু’দিকেই মোট চারটি ডোর মেটাল ডিটেক্টর ফ্রেম রয়েছে। একটি পুলিস ক্যাম্পও আছে। দু’দিকেই গার্ডরেলের দ্বিস্তরীয় ব্যারিকেড রয়েছে। এরপরেও কীভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করা সম্ভব?



