Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

যুবককে বেধড়ক মারধর, অভিযুক্ত বিজেপি নেতা

আলমবাজারে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। এক বিজেপি নেতা তাকে প্রকাশ্য রাস্তায় ফেলে পালটা মারধরের করেন বলে অভিযোগ।

যুবককে বেধড়ক মারধর,  অভিযুক্ত বিজেপি নেতা
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: আলমবাজারে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। এক বিজেপি নেতা তাকে প্রকাশ্য রাস্তায় ফেলে পালটা মারধরের করেন বলে অভিযোগ। শুক্রবার এই ভিডিয়ো ভাইরাল হতেই বরানগরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। পুলিশ জানিয়েছে, এনিয়ে কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ হলে পদক্ষেপ করা হবে।

Advertisement

বরানগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের আলমবাজার এলাকার যুবক মাসুম তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। অভিযোগ, মাসুম ভোটের আগে বিজেপি কর্মীদের তরোয়াল দিয়ে কুপিয়ে খুনের হুমকি দিয়েছিল। বৃহস্পতিবার ওই যুবককে বিজেপি কর্মীরা রাস্তায় পেয়ে ঘিরে ধরে। খবর পেয়ে চলে আসেন বিজেপি নেতা হেমন্ত সাউ। তিনি বিজেপির বরানগর ১ নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি তথা প্রাথমিক স্কুল শিক্ষক। ভিডিয়োতে দেখা যায়, হেমন্তবাবু ওই যুবককে প্রকাশ্য রাস্তায় চড়-থাপ্পড় মারছেন। বলছেন, তুই খুন করবি বলেছিলি? এই নে কাটারি। তার হাতে একটি কাটারি ধরিয়ে খুন করার কথা বলেন তিনি। যদিও ওই যুবক কাটারি ফেলে কান ধরে ও হাতজোড় করে ক্ষমা চায়। কিন্তু অভিযোগ থাকলে থানায় না জানিয়ে কেন আইন হাতে তুলে নিলেন ওই বিজেপি নেতা, তা নিয়ে এলাকায় প্রশ্ন তৈরি হয়েছে। হেমন্ত সাউ বলেন, আমি ওখানে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেছি। ওখান থেকে ওই যুবককে বের করে দিয়েছি। আমি না থাকলে আরও খারাপ পরিস্থিতি হতে পারত। চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ