Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াচকে ১০ কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার যুবক

ফের মাদক কারবারের বড়সড় চক্রের হদিস মিলল মালদহের কালিয়াচকে। প্রায় ১০ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করে এক যুবককে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ

কালিয়াচকে ১০ কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার যুবক
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালিয়াচক: ফের মাদক কারবারের বড়সড় চক্রের হদিস মিলল মালদহের কালিয়াচকে। প্রায় ১০ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করে এক যুবককে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ। ধৃতের নাম তৌসিফ আলম। তার বাড়ি কালিয়াচক থানার বালুগ্রাম এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে মোজমপুর এলাকায় লিচু বাগানে হানা দেয় পুলিশ। ছোট্ট চালাঘর থেকে ওই যুবককে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে বড়ো প্লাস্টিকের জার থেকে ৯ কেজি ৮০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। আন্তর্জাতিক কালোবাজারে যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।
স্থানীয়দের একাংশের দাবি,কালিয়াচক জুড়ে মাদকের কারবার ফের জাল ছড়িয়েছে। চলতি বছরে এই অবৈধ কারবার রুখতে কড়া পদক্ষেপ নেয় মালদহ জেলা পুলিশ। প্রাক্তন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একাধিক অভিযানের ফলে গত কয়েক মাসে এই কারবারে বড় ধাক্কা লাগে। ধারাবাহিক পুলিশি তৎপরতায় মাদক পাচার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল বলে দাবি। ভোট পরবর্তী সময়ে বিপুল মাদক উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি আবার মাথাচাড়া দিচ্ছে মাদক চক্র? কারা এর নেপথ্যে, তার খোঁজে শুরু হয়েছে জোরদার তদন্ত।
চলতি বছরের গোড়ার দিকে চক্রের মূল পান্ডা হিসেবে পরিচিত এবং মোজমপুরের ত্রাস আনারুল হককে কলকাতার এন্টালি এলাকা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মালদহ পুলিশ সুপার অনুপম সিংহ বলেন, রবিবার অভিযানে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের শিকড়ে পৌঁছনোর চেষ্টা চলছে। পাশাপাশি, এই মাদক তৈরির কাঁচামাল কোথা থেকে আনা হয়েছিল এবং তৈরি করে কোথায় পাচারের পরিকল্পনা ছিল, সেদিকেও নজর দিচ্ছেন তদন্তকারীরা। ঘটনার পর এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হলেও ফের বিপুল মাদক উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ