মুম্বই, ৩১ এপ্রিল: ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পরিচয়ের পর বিয়ের প্রলোভন দেখিয়ে এক ৩১ বছর বয়সি মহিলাকে ধর্ষণ ও প্রায় ১৪.৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নাগপুর পুলিশ। অভিযুক্তের নাম রাঘবেন্দ্র কিশোর অবস্থি (৩৬)।
মুম্বই, ৩১ এপ্রিল: ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পরিচয়ের পর বিয়ের প্রলোভন দেখিয়ে এক ৩১ বছর বয়সি মহিলাকে ধর্ষণ ও প্রায় ১৪.৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নাগপুর পুলিশ। অভিযুক্তের নাম রাঘবেন্দ্র কিশোর অবস্থি (৩৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ও অভিযোগকারিণীর একটি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পরিচয় হয়। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। অভিযোগ, এই সম্পর্কের সুযোগ নিয়েই অবস্থি একাধিকবার ওই মহিলার কাছ থেকে টাকা নেন। থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত দাবি করেছিলেন যে তিনি একটি জিম ব্যবসা শুরু করতে চান এবং সেই জন্য মূলধনের প্রয়োজন। আর সেই অজুহাতে তিনি বিভিন্ন সময়ে মহিলার কাছ থেকে মোট ১৪.৮ লক্ষ টাকা আদায় করেন। অভিযুক্ত জানিয়েছিলেন যে তাঁর প্রথম স্ত্রী মারা গেছেন। পরে সেই মহিলা জানতে পারেন যে, অভিযুক্তের প্রথম স্ত্রী এখনো জীবিত রয়েছেন এবং তাঁকে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে প্রতারণা করা হয়েছিল। মহিলা আরও অভিযোগ করেছেন যে, অভিযুক্তের পরিবারের কয়েকজন সদস্যও এই প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি, তাঁকে মানসিকভাবে হেনস্তা করা হয়েছে এবং তাঁকে শারীরিক নির্যাতনেরও শিকার হতে হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনার ভিত্তিতে নাগপুর পুলিশ একটি মামলা রুজু করে ইতমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং পরিবারের অন্যান্য সদস্যদের ভূমিকা নিয়েও তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।