Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কানে হেডসেট, খড়দহে লাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত যুবতী

রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক তরুণীর। ট্রেনের যাত্রীরা চিৎকার করে তাঁকে লাইন থেকে সরে যেতে বললেও তিনি দাঁড়িয়েই ছিলেন! কারণ, তাঁর কানে লাগানো ছিল হেডসেট।

কানে হেডসেট, খড়দহে লাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত যুবতী
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক তরুণীর। ট্রেনের যাত্রীরা চিৎকার করে তাঁকে লাইন থেকে সরে যেতে বললেও তিনি দাঁড়িয়েই ছিলেন! কারণ, তাঁর কানে লাগানো ছিল হেডসেট। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ খড়দহ স্টেশনের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। রেল পুলিশ জানিয়েছে, মৃতের নাম স্বপ্নাশা চক্রবর্তী (২১)। তাঁর বাবার নাম সঞ্জয় চক্রবর্তী। তাঁদের বাড়ি খড়দহ থানার সোদপুর গভর্নমেন্ট কলোনির মিডল রোড এলাকায়। 

Advertisement

এদিন দুপুরে স্বপ্নাশা খড়দহ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটেন। এরপর ফুট ওভারব্রিজ দিয়ে না উঠে তিনি সরাসরি লাইন টপকে ২ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন। তাঁর হাতে ছিল মোবাইল।  কানে ছিল হেডসেট। ওই সময় সোদপুরের দিক থেকে ১ নম্বর প্ল্যাটফর্মে একটি লোকাল ঢুকছিল। তাঁর সেদিকে কোনো ভ্রূক্ষেপ ছিল না। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা তো বটেই, রেল ও জিআরপির কর্মীরা তাঁকে সরিয়ে দিতে চিৎকার শুরু করেন। কিন্তু কানে হেডসেট থাকায় তিনি কিছুই শুনতে পাননি। ট্রেন তাঁকে পিষে দিয়ে চলে যায়। এই ঘটনার পর কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বিঘ্নিত হয়। জিআরপি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। খড়দহ স্টেশন রেলওয়ে হকার ইউনিয়নের নেতা আনন্দ দাস বলেন, ‘সবাই চিৎকার করে ওঁকে সরে যেতে বলেছিলাম। কিন্তু উনি কিছুই শুনতে পেলেন না। সবার চোখের সামনে জলজ্যান্ত একটা প্রাণ চলে গেল। এর থেকে দুঃখজনক ঘটনা আর কী হতে পারে! ভয়ানক সেই দৃশ্য ভুলতে পারছি না। দয়া করে কেউ রাস্তাঘাটে বেরিয়ে কানে হেডসেট লাগিয়ে রাখবেন না।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ