নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ম্যাট্রিমনিয়াল সাইটে পরিচয়। তারপর বিয়ে করার সিদ্ধান্ত। সেই পরিচয়ের সূত্রেই তরুণীর কাছ থেকে নগদ ৫ লক্ষ টাকা এবং দু’টি ফোন হাতিয়ে নিয়েছিল অভিযুক্ত যুবক। পরে তরুণী জানতে পারেন, ওই যুবক আরও একাধিক তরুণীর সঙ্গে ডেটিং করেছে। এমনকি, যুবকের হাতে শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন ওই তরুণী। শনিবার তরুণী এ ব্যাপারে নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই দিনই কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দেবরাজ চৌধুরী। বাড়ি বিহারের পাটনায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর বাড়ি বরানগরে। একটি ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমে দু’জনের আলাপ হয়। মোবাইল নম্বর বিনিময় করে দু’জনের মধ্যে কথাবার্তা শুরু হয়। দেবরাজ তরুণীকে বিয়ে করার কথা বলে। গত দু’মাস ধরে সে আর্থিক সমস্যার কথা বলে তরুণীর কাছ থেকে টাকা নিতে শুরু করে। এভাবে গত দু’মাসে সে মোট ৫ লক্ষ ২ হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। এমনকি, তাঁর দু’টি নতুন ফোনও নিয়ে নেয়। যেহেতু দু’জনের বিয়ে করার সিদ্ধান্ত হয়েছিল, সেই ভরসাতে তরুণী কোনো সন্দেহ না করেই সাহায্য করে যাচ্ছিলেন। তারপরই ছন্দপতন! তরুণী জানতে পারেন, দেবরাজের সঙ্গে আরও চার-পাঁচজন তরুণীর পরিচয়। তাঁদের সঙ্গে সে ডেটিং করেছে। শুধু তাই নয়, তাঁদেরও সে একইভাবে বিয়ের আশ্বাস দিয়েছে। বিষয়টি নিয়ে বলতে গেলে ওই যুবকের হাতে আক্রান্ত হন তরুণী। তাঁকে বেধড়ক মারধর করা হয়। তরুণীর হাত ভেঙে যায়। তিনি পুলিশকে জানিয়েছেন, এখনও তাঁর হাতে কাটা দাগ। মারধরের ক্ষত রয়েছে মুখেও। তাঁর বাবা বয়স্ক মানুষ। পরিবারের কাউকে তিনি বিষয়টি জানাতে পারেননি। অভিযোগ দায়ের হওয়ার পরই নারায়ণপুর থানার পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। অভিযুক্তের খোঁজে তল্লাশি করে ওই দিনেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।