Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রকাশ্য রাস্তায় চুলের মুঠি ধরে তরুণীকে বেধড়ক মার, চাঞ্চল্য

পার্কিং নিয়ে বচসা। তার জেরে প্রকাশ্য রাস্তায় চুলের মুঠি ধরে এক তরুণীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল।

প্রকাশ্য রাস্তায় চুলের মুঠি ধরে  তরুণীকে বেধড়ক মার, চাঞ্চল্য
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পার্কিং নিয়ে বচসা। তার জেরে প্রকাশ্য রাস্তায় চুলের মুঠি ধরে এক তরুণীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। শুধু তাই নয়, ইট দিয়েও মারধর করা হয়েছে ওই তরুণীকে। সল্টলেকের শান্তিনগরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মারধরের ভিডিও এসেছে পুলিসের হাতেও। অভিযুক্ত দম্পতির মধ্যে স্ত্রী গ্রেপ্তার হলেও স্বামী পলাতক। তার বিরুদ্ধে মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ এনে মামলা রুজু হয়েছে। নিরাপত্তার দাবি ও মামলার অগ্রগতি নিয়ে আক্রান্ত তরুণী মঙ্গলবার বিধাননগর কমিশনারেটের এসিপি (দক্ষিণ) সম্বিতি চক্রবর্তীর সঙ্গে দেখা করেন।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তরুণীর বাড়ি হাওড়ার আন্দুলে। কর্মসূত্রে তিনি সল্টলেকের শান্তিনগরে একটি ফ্ল্যাটে ভাড়ায় থাকেন। গণ্ডগোলের সূত্রপাত গত ১৮ মার্চ। ওইদিন রাতে তরুণী, তাঁর ভাই এবং এক বান্ধবী গাড়িতে করে ফ্ল্যাটে ফেরেন। গাড়িটি ভাড়া নিয়েছিলেন তাঁরা। ফ্ল্যাট সংলগ্ন এলাকায় পার্কিং করতে গেলে এক ব্যক্তির সঙ্গে বচসা হয়। অভিযোগ, ওই ব্যক্তির সঙ্গীরা মত্ত অবস্থায় তাঁদের সঙ্গে অশ্রাব্য ভাষায় কথা বলে। তাসত্ত্বেও তরুণীরা গাড়িটি ওখানেই পার্কিং করেন। তখন ওই ব্যক্তি গাড়িটি ভাঙতে উদ্যত হলে বচসা চরমে ওঠে। তরুণী সঙ্গে সঙ্গে ১০০ ডায়ালে ফোন করেন। পুলিস ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
গোলমালের প্রেক্ষিতে পরের দিন ১৯ মার্চ সকালে ওই তরুণীকে স্থানীয় ক্লাবে ডেকে পাঠানো হয়। অভিযোগ, থানা থেকে সকালে ওই ব্যক্তি ফিরে আসার পর তরুণী নীচে নামলে ওই ব্যক্তির স্ত্রী তাঁর চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করে। ওই তরুণীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর বান্ধবীও। সেই সময় থানা থেকে ফিরে আসা ব্যক্তি ইট নিয়ে তরুণীকে মারধর করে। গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন তরুণীর ভাই। পুলিস ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তির স্ত্রীকে গ্রেপ্তার করে। যদিও পরের দিন সে জামিন পেয়ে যায়। পুলিস জানিয়েছে, প্রথমে মারধরের অভিযোগ করা হয়েছিল। পরে ইটের ভিডিও পাওয়ায় খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে। অভিযুক্ত পলাতক। তার খোঁজ চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ