নিজস্ব প্রতিনিধি, বারাসত: মাত্র ৩০ টাকার জন্য স্ত্রীকে খুন। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার হাড়োয়ায়। মৃতার নাম রুবিয়া সুলতানা (২৩)। এমন ঘটনায় হতবাক পুলিশকর্মী থেকে সাধারণ মানুষ। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছেলের টিউশনির মাইনের ৩০ টাকা বাকি ছিল। সেই টাকা স্বামী রবিউল ইসলামের কাছে চাইতেই ঘটে বিপত্তি। টাকা দিতে অস্বীকার করেন রবিউল। যার ফলে স্বামী-স্ত্রীর অশান্তি শুরু হয়। তার জেরেই বাপের বাড়িতে চলে যান রুবিয়া। পরে দুই পরিবারের আলোচনার মাধ্যমে সেই সমস্যা মিটে যায়। কিন্তু স্ত্রী বাড়ি ফিরে আসতেই ফের বেঁকে বসে রবিউল। গতকাল রাতে আবার সেই একই বিষয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর রবিউল স্ত্রী রুবিয়ার গলা টিপে ধরে। ফলে মৃত্যু হয় তাঁর। স্ত্রীর মৃত্যুর পরে বাড়ি থেকে বেরিয়ে যায় রবিউল। পরে হাড়োয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে। অভিযুক্তকে পুলিশ নিজেদেরে হেফাজতে নিয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।