Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

যুবতীকে ধর্ষণ করে চম্পট, বেঙ্গালুরু থেকে ধৃত যুবক 

যুবতীকে ধর্ষণ করে চম্পট, বেঙ্গালুরু থেকে ধৃত যুবক 
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় এক যুবকের সঙ্গে আলাপ হয়েছিল এক যুবতীর। ধীরে ধীরে সেই সম্পর্ক গভীর হয়। অভিযোগ, পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই যুবক চম্পট দেয় বেঙ্গালুরুতে। পাশাপাশি যুবতীর মোবাইল নম্বরটিও ব্লক করে দেয় সে। এরপর যুবতীর পরিবারের তরফে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিস মোবাইল ফোনের সূত্র ধরে অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে অভিযুক্ত যুবককে। মঙ্গলবার ধৃতকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। বিচারক তাকে ২ ডিসেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া অভিযোগকারিণীর গোপন জবানবন্দির আর্জিও মঞ্জুর করেছেন বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতের মোবাইল ফোন পুলিস বাজেয়াপ্ত করেছে। যে হোটেলে যুবতীকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে, সেই হোটেলের রেজিস্টার সহ অন্যান নথিপত্রও পুলিস খতিয়ে দেখছে। এদিকে, ঘটনার পরই ওই যুবকটি পালিয়ে থাকার সময়ে বার বার সিম পরিবর্তন করে। ফলে পুলিস বেশ কিছুদিন ধরে তাঁকে খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত পুরানো সিম কার্ড ফের মোবাইলে সেট করার পরই পুলিস তার অবস্থান জানতে পারে। সেই সূত্র ধরেই পুলিস যুবককে পাকড়াও করে। এদিন ধৃতের তরফে জামিনের আর্জি জানানো হয়। যদিও তাতে জোরালো আপত্তি জানান সরকারি কৌঁসুলি। এরপরই জামিনের আর্জি নাকচ করে দেন বিচারক।
Advertisement
সম্পর্কিত সংবাদ