Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / খেলা

যশস্বী ১০১, নেতৃত্বের চাপ সামলে দুরন্ত শতরান গিলেরও, জোড়া সেঞ্চুরিতে দাপট টিম ইন্ডিয়ার

দৌড়তে দৌড়তেই খুলে নিয়েছিলেন হেলমেট। শূন্যে ভাসমান অবস্থায় হেলমেট নিয়ে ডান হাতই ছুড়লেন আকাশে।

যশস্বী ১০১, নেতৃত্বের চাপ সামলে দুরন্ত শতরান গিলেরও, জোড়া সেঞ্চুরিতে দাপট টিম ইন্ডিয়ার
  • ২১ জুন, ২০২৫ ০৪:০০

লিডস: দৌড়তে দৌড়তেই খুলে নিয়েছিলেন হেলমেট। শূন্যে ভাসমান অবস্থায় হেলমেট নিয়ে ডান হাতই ছুড়লেন আকাশে। অদৃশ্য কাউকেই যেন মারলেন পাঞ্চ। বাস্তবে অবশ্য তা বেন স্টোকসের ইংল্যান্ডকেই করে তুলছে আহত। সেঞ্চুরির সেলিব্রেশনে যশস্বী জয়সওয়াল যতটা উচ্ছ্বসিত, শুভমান গিল আবার ততটাই শান্ত, সংযত। ট্রেডমার্ক স্টাইলে হেলমেট খুলে মাথা নুইয়ে সেলাম জানালেন তিনি। দিনের শেষে ঝকঝকে অর্ধশতরান উপহার দিলেন ঋষভ পন্থ। আর এই তিন ব্যাটসম্যানের কাঁধে ভর দিয়েই অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির প্রথম দিনে চালকের আসনে ভারত। দিনের শেষে ৩ উইকেটে ৩৫৯ তুলেছে গিল ব্রিগেড। নেতৃত্বের চাপ উড়িয়ে দিয়ে ১২৭ রানে অপরাজিত রয়েছেন ভারত অধিনায়ক। পন্থ খেলছেন ৬৫ রানে। এত অনায়াসে রান আসছে যে অবিশ্বাস্য ভাঙন না ধরলে সাড়ে চারশো নিশ্চিত। সেক্ষেত্রে ভারতীয় বোলারদের আক্রমণাত্মক হওয়ার যথেষ্ট রসদ থাকবে। 
বিলেতে এটাই ছিল যশস্বীর জীবনের প্রথম টেস্ট ইনিংস। দুরন্ত সেঞ্চুরিতে তিনি বড় ইনিংসের ভিত মজবুত করার পাশাপাশি রোহিত শর্মা ও বিরাট কোহলি, দুই কিংবদন্তির অবসরের আক্ষেপকেও টের পেতে দিলেন না। লিডস বরং সাক্ষী থাকল ২৩ বছর বয়সির তারুণ্যের দাপটের। আর সেটাও দু’হাতে টান নিয়ে, বারবার অস্বস্তিতে পড়ে। ১০১ রানের ইনিংসে কার্যত সিরিজের সুরটাই বেঁধে দিলেন বাঁহাতি ওপেনার।
দিনটা অবশ্য শুধু যশস্বীরই নয়, শুভমান গিলেরও। টেস্ট ক্যাপ্টেন হিসেবে প্রথম দিনটা টস হেরে শুরু করলেও ব্যাট হাতে আত্মবিশ্বাসের শিখরে দেখাল তাঁকে। ইংল্যান্ডের বহুচর্চিত ‘বাজবল’ যেন গিলের ব্যাটেই জীবন্ত হয়ে উঠল। ধ্রুপদী ঘরানার ব্যাকরণ মেনেই স্টোকসদের উপর ছড়ি ঘোরালেন গিল। অধিনায়কোচিত ইনিংসে ভরসা দিলেন ড্রেসিং-রুমকে। উল্লেখ্য, অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টই শতরান করা ২৩তম ক্রিকেটার হলেন তিনি। 
ইংল্যান্ডে টেস্টের পয়লা দিনের সকাল মানেই ওপেনারের অগ্নিপরীক্ষা— প্রচলিত ধারণা এটাই। মজা করে বলা হয়, টিকে থাকতে হলে প্রথম দু’ঘণ্টায় সব শট ড্রেসিং-রুমে রেখে এসো। কোনও স্ট্রোকই নিও না। অন্যথায় স্যুইং-সিমের শিকার হওয়াই ভবিতব্য। এদিনের লিডস অবশ্য সুপ্রাচীন এই প্রবাদের একেবারে বিপরীত মেরুতে থাকল। ঝকঝকে আকাশ, রোদ ঝলমলে দিনে মেঘের দেখা নাই রে। কে জানত, তাতে এতটা প্রকট হবে ইংল্যান্ডের বোলিংয়ের কঙ্কালসার দশা। প্রথম ওভারেই ক্রিস ওকসকে চার মেরে শুরু করেছিলেন যশস্বী। লোকেশ রাহুলকেও দেখাচ্ছিল প্রত্যয়ী। দুই ওপেনার মিলে প্রথম উইকেটে যোগ করেন ৯১। মনে হচ্ছিল লাঞ্চে বিনা উইকেটেই যেতে চলেছে ভারত। তখনই বিনা মেঘে বজ্রপাতের মতো ব্রাইডন কার্সের দেরিতে ভাঙা সুইংয়ে ব্যাট চালিয়ে ফিরলেন রাহুল। মধ্যাহ্নভোজের তখন আর বাকি মাত্র ছয় মিনিট!
টেস্ট অভিষেক অবশ্য মধুর হল না সাই সুদর্শনের। চেতেশ্বর পূজারার হাতে থেকে টেস্ট ক্যাপ নেওয়া বাঁ-হাতি লেগসাইডে অনেক বাইরের বলে অহেতুক খোঁচা দিলেন। সঙ্গে সঙ্গে হল লাঞ্চ। স্কোর তখন ৯১-২। লড়াইয়ে ফেরার পথ খুঁজে পাওয়া ইংল্যান্ড মুহূর্তে উজ্জীবিত। কিন্তু পরের দু’ঘণ্টায় যশস্বী-গিল পকেটে পুরে ফেললেন ম্যাচের রিমোট। চায়ের বিরতির পরই অবশ্য ফেরেন জয়সওয়াল। দাঁড়ি পড়ে তৃতীয় উইকেটে ১২৯ রানের জুটিতে। তারপর পন্থের সঙ্গে জুটিতে দলকে টানলেন গিল। তাদের পার্টনারশিপ রয়েছে ১৩৮ রানে।

Advertisement

 

প্রথম দিনের
স্কোরবোর্ড
ভারত (প্রথম ইনিংস): যশস্বী বো স্টোকস ১০১, লোকেশ ক রুট বো কার্স ৪২, সুদর্শন ক স্মিথ বো স্টোকস ০, শুভমান ব্যাটিং ১২৭, পন্থ ব্যাটিং ৬৫, অতিরিক্ত ২৪, মোট ৮৫ ওভারে (৩৫৯-৩) উইকেট পতন: ১-৯১, ২-৯২, ৩-২২১ বোলিং: ওকস ১৯-২-৮৯-০, কার্স ১৬-৫-৭০-১, টং ১৬-০-৭৫-০, স্টোকস ১৩-১-৪৩-২, বশির  ২১-৪-৬৬-০।

সম্পর্কিত সংবাদ