Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চোটের কারণে নেই ইয়ামাল, ফের বার্সাকে তোপ ফুয়েন্তের, দেশের হয়ে প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাই: রোনাল্ডো

কয়েকদিন আগেই অবসর প্রসঙ্গে মুখ খুলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

চোটের কারণে নেই ইয়ামাল, ফের বার্সাকে তোপ ফুয়েন্তের, দেশের হয়ে প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাই: রোনাল্ডো
  • ১২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: কয়েকদিন আগেই অবসর প্রসঙ্গে মুখ খুলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার পর্তুগিজ মহাতারকা জানিয়ে দিলেন, ২০২৬-ই তাঁর শেষ বিশ্বকাপ। কিছুটা মজার ছলেই তিনি বলেন, ‘দ্রুত অবসর বলতে আরও ১০ বছর বলেছিলাম।’ এরপরই তিনি বলেন, ‘জানি এটা সম্ভব নয়। তবে আর দু’এক বছরের মধ্যেই সেই দিনটা আসবে। আর হ্যাঁ, আগামী বিশ্বকাপই শেষ। তবে ততদিন জাতীয় দলের হয়ে প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাই।’ উল্লেখ্য, বিশ্বকাপ বাছাই পর্বে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ এফ’এ শীর্ষে পর্তুগাল। বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবেন রোনাল্ডোরা। এই ম্যাচ জিততেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবেন তাঁরা।

Advertisement

এদিকে, জাতীয় শিবিরে ফুটবলার ছাড়া নিয়ে গত কয়েক মাস ধরেই বারবার বিতর্কে জড়িয়েছে বার্সেলোনা। আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে ফের একবার কাতালন ক্লাবটিকে বিঁধলেন স্পেনের কোচ লুইস ডে লা ফুয়েন্তে। আগামী শনিবার জর্জিয়ার মুখোমুখি হবে ২০১০ বিশ্বচ্যাম্পিয়নরা। আর তিনদিন বাদে তাদের প্রতিপক্ষ তুরস্ক। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট অর্জনের পথে পা বাড়িয়ে রেখেছে স্পেন। বাকি দু’ম্যাচের মধ্যে একটিতে জিততেই মূলপর্বের টিকিট নিশ্চিত করবে তারা। তবে আসন্ন দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচে দলের অন্যতম ভরসা লামিনে ইয়ামালকে ছাড়াই দল সাজাতে হবে কোচ ফুয়েন্তেকে। কুঁচকির চোটের জেরে জাতীয় শিবির থেকে সরে দাঁড়ান এই তরুণ উইঙ্গার। আর তাই তাঁর ক্লাব বার্সেলোনাকে একহাত নিলেন স্পেন কোচ। তিনি বলেন, ‘এর আগে কখনও এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। একজন ফুটবলার শিবিরে যোগ দেওয়ার পরেও চোটের দোহাই দিয়ে সরে দাঁড়াচ্ছে। এটা মোটেই কোনও স্বাভাবিক বিষয় নয়। হতে পারে, ফেডারেশনের এক্তিয়ারের বাইরেও এমন কিছু ঘটছে যেটা সম্পর্কে আমরা ওয়াকিবহাল নয়। তবে এটা খুবই দুর্ভাগ্যের।’
গত কয়েক মাস ধরেই চোটের কারণে বারবার ভুগছেন ইয়ামাল। এর আগে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে জাতীয় শিবির চলাকালীন চোট পান তিনি। সেই সময় ফুয়েন্তেকে একহাত নিয়েছিলেন বার্সেলোনার কোচ হান্স ফ্লিক। তাঁর দাবি ছিল, চোট থাকা সত্ত্বেও ইয়ামালকে জোর করে মাঠে নামান স্পেন কোচ। তাই ক্লাবকে ভুগতে হচ্ছে।

সম্পর্কিত সংবাদ