নয়াদিল্লি: একই দিনে জোড়া বিপত্তির মুখে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’। বিভ্রাটের শিকার হলেন ভারত সহ প্রায় সারা বিশ্বের ব্যবহারকারীরা। এক্স সিইও এলন মাস্কের দাবি, সাইবার হামলার জেরে এই বিপত্তি। এর পিছনে বড় গোষ্ঠী বা কোনও দেশ থাকতে পারে। ডাউনডিক্টেরের তথ্য অনুযায়ী, সোমবার ভারতীয় সময় সন্ধ্যা সাতটা নাগাদ দ্বিতীয়বার বড়সড় বিভ্রাট দেখা যায় মার্কিন ধনকুবের মাস্কের মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দুপুর ৩.২০টা নাগাদ প্রথমবার বিভ্রাট দেখা দেয়। মোবাইল অ্যাপে ৫৬ শতাংশ, ওয়েবসাইটে ৩৩ শতাংশ ব্যবহারকারী সমস্যার মুখে পড়েন। সার্ভার কানেকশন এররের শিকার হন ১১ শতাংশ ইউজার। পরিষেবায় বিঘ্নের প্রায় ৪০ হাজার রিপোর্ট নথিভুক্ত হয়েছে। তারমধ্যে ২,৬০০ ভারত থেকে। আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও কানাডা থেকেও গোলযোগের খবর আসে।



