Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নদীয়া জেলাজুড়ে বিশ্বকর্মার আরাধনা

নদীয়া জেলার সর্বত্র ধুমধামের মধ্য দিয়ে পালিত হল শিল্পের দেবতা বিশ্বকর্মার আরাধনা। সকাল থেকেই শহর থেকে গ্রামাঞ্চল, সবজায়গাতেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

নদীয়া জেলাজুড়ে বিশ্বকর্মার আরাধনা
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা, নদীয়া: নদীয়া জেলার সর্বত্র ধুমধামের মধ্য দিয়ে পালিত হল শিল্পের দেবতা বিশ্বকর্মার আরাধনা। সকাল থেকেই শহর থেকে গ্রামাঞ্চল, সবজায়গাতেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। কৃষ্ণনগর শহরে পুজোর জাঁকজমক সবচেয়ে বেশি ছিল। রেলস্টেশনের সংলগ্ন এলাকা, হাই স্ট্রিট চত্বর সহ শহরের বিভিন্ন প্রান্তে মণ্ডপে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়। দুর্গাপুজোর আগে শহর জুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ, যা চোখে পড়ার মতো। সকাল থেকে শহর ও শহরতলির অলিগলিতে বাজতে থাকে ঢাক, কাঁসর, উলুধ্বনি ও শঙ্খধ্বনি। পুলিশ লাইন, জলকল, পুরসভার মোটর বিভাগ, গ্যারাজ, রেল দফতর, টোটো স্ট্যান্ড, প্রিন্টিং প্রেস থেকে শুরু করে দোকানপাট, সর্বত্রই মালিক-শ্রমিক একসঙ্গে দেবশিল্পীর আরাধনায় অংশ নেন। 
বিভিন্ন বাড়ি ও বারোয়ারি পুজোতেও ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এক পুজো উদ্যোক্তা সায়ন তরফদার বলেন, আমাদের পুজোর থিম শ্রমিকদের সম্মান জানিয়ে। সমাজে যাঁরা রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি বা গাড়ি ব্যবসায়ী, তাঁদের অবদানের কাহিনী আমাদের থিমে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি এখানে ক্রোমাটা আয়োজিত বিশ্বকর্মা থিমের উপর চিত্র প্রদর্শনীও চলছে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু থেকে বৃদ্ধ সকলে অংশ নেন এই উৎসবে। আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে মিলনমেলার আবহে দিনভর মুখরিত ছিল কৃষ্ণনগর।  জেলার অন্যান্য প্রান্তেও বিশ্বকর্মা পুজো হয়েছে ধুমধামের সঙ্গে। রানাঘাটে ধানতলা থেকে শহরের বিভিন্ন এলাকায় ছোট-বড় উদ্যোগে পুজোর আয়োজন করা হয়। শান্তিপুর ও ফুলিয়ার তাঁতি মহল্লায় পুজোর জাঁকজমক ছিল চোখে পড়ার মতো। তবে কল্যাণী শহরে পুজোর চাকচিক্য তুলনামূলকভাবে কম। একসময়ের শিল্পাঞ্চল আজ অনেকটাই ম্লান হয়ে পড়েছে। বহু কারখানা বন্ধ হয়ে যাওয়ায় আগের মতো ধুমধাম হয় না। স্থানীয়দের মতে, শিল্প ফিরলেই কল্যাণী শহরের বিশ্বকর্মা পুজো আবারও তার পুরনো চেহারায় ফিরবে।  এছাড়া তেহট্ট ও পলাশীপাড়াতেও উৎসাহের সঙ্গে বিশ্বকর্মা পুজো হয়েছে। যদিও সকাল থেকে আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে হালকা বৃষ্টি হয়েছে। তবু সন্ধ্যা নামতেই মণ্ডপে ভিড় জমেছে। ঠাকুর দেখার পাশাপাশি অনেকে পুজোর কেনাকাটাও সারেন। 
       কৃষ্ণনগরে রেল গোডাউনে চলছে পুজো। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ