সংবাদদাতা, শিলিগুড়ি: নিউ জলপাইগুড়ি স্টেশনের পাশাপাশি ‘অমৃত ভারত স্টেশন স্কিম’-এর আওতায় শিলিগুড়ি জংশন স্টেশনের আধুনিকীকরণের কাজও এগিয়ে চলেছে। স্টেশন পুনর্বিকাশের পাশাপাশি যাত্রী সুবিধা বৃদ্ধিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও নতুন ভবন তৈরির পরিকল্পনা রয়েছে। সেই কাজের অগ্রগতি সম্প্রতি পরিদর্শন করে যান উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব।
শিলিগুড়ির ডিজেল লোকোশেড ও শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের সদর দপ্তর এবং কাটিহার ডিভিশনের উচ্চ পদস্থ আধিকারিকরা। ডিজেল লোকোশেডে লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ পরিকাঠামো ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন জেনারেল ম্যানেজার। রক্ষণাবেক্ষণে সুরক্ষা, নির্ভরযোগ্যতা ও দক্ষতার মান বজায় রাখার নির্দেশ দেন তিনি।
শিলিগুড়ি জংশনে ‘অমৃত ভারত স্টেশন স্কিম’-এর অধীনে চলা পুনর্বিকাশের কাজও পরিদর্শন করেন চেতনকুমার শ্রীবাস্তব। পরিকল্পনার মধ্যে নতুন ফুটওভার ব্রিজ, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে পলি প্রোপিলিন বা পিপি শেড এবং নতুন স্টেশন ভবন নির্মাণের কাজ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ দ্রুত শেষ করার পাশাপাশি নির্মাণের গুণমান ও যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়ে তিনি বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা।
এর পাশপাশি শিলিগুড়ি-আলুয়াবাড়ি রোড এবং শিলিগুড়ি-নিউ জলপাইগুড়ি সেকশনে ডাবলিং কাজের অগ্রগতিও পর্যালোচনা করেন জেনারেল ম্যানেজার। কামাখ্যা থেকে নিউ বঙ্গাইগাঁও পর্যন্ত ‘উইন্ডো-ট্রেলিং’ পরিদর্শন করে ট্র্যাক ও রেল পরিকাঠামোর পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। • ফাইল চিত্র।