নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই ফের বাংলার ১৭টি রেল প্রকল্পের কাজ শুরু করে দিল মোদি সরকার। প্রতিটিই নিউ লাইন প্রোজেক্ট। শুক্রবার রাজ্যসভায় লিখিতভাবে যাবতীয় প্রকল্পের কাজ শুরুর কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যদিও পূর্বতন তৃণমূল আমলে প্রকল্পগুলির ‘বাদ’ পড়ার কারণ হিসাবে তৎকালীন রাজ্য সরকারের ‘অসহযোগিতা’ এবং জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতাকেই দায়ী করেছেন তিনি। রেলমন্ত্রী আরও জানিয়েছেন, বাংলায় রেল প্রকল্পের বাস্তবায়নে গতি আনতে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের জন্য রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এদিন রাজ্যসভায় বাংলার রেল প্রকল্প নিয়ে লিখিত প্রশ্ন করেছিলেন বঙ্গ বিজেপির সাংসদ রাহুল সিনহা। জবাবে রেলমন্ত্রী জানিয়েছেন, ‘রাজ্যে যেসব রেল প্রকল্প অনুমোদিত হয়েছিল, তার একটি বড়ো অংশই সরকারের অসহযোগিতা, জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা, আইনশৃঙ্খলা জনিত সমস্যার কারণে বাস্তবায়িত করা যায়নি। কিন্তু সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে ফের বাংলার ওই ১৭টি রেল প্রকল্পের কাজে হাত দেওয়া হয়েছে।’ তিনি জানিয়েছেন, ইউপিএ জমানায় ২০০৯-১৪ সালের মধ্যে রেল প্রকল্পে বাংলার জন্য প্রতি বছর গড়ে ৪ হাজার ৩৮০ কোটি টাকা করে বরাদ্দ হত। কিন্তু বর্তমান মোদি সরকারের জমানায় শুধুমাত্র ২০২৬-২৭ আর্থিক বছরেই বাংলার জন্য রেলে মোট ১৪ হাজার ২০৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই বরাদ্দকৃত অর্থের পরিমাণ কংগ্রেস আমলের তুলনায় প্রায় তিন গুণ বেশি। উল্লেখ্য, অতীতে বিভিন্ন সময় রাজ্যের তদানীন্তন তৃণমূল সরকারের বিরুদ্ধে জমি জট সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ করেছিল রেল কর্তৃপক্ষ।



