নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গ্রামবাংলায় ধীরে ধীরে গতি পাচ্ছে ভিবি জি রামজি প্রকল্পের কাজ। সোমবার পর্যন্ত রাজ্যের তিনটি পঞ্চায়েত বাদে সব জায়গায় কাজ আরম্ভ হয়ে গিয়েছে। তবে সার্বিকভাবে এখনও কাজের গতি আশানুরূপ নয় বলেই মনে করছেন আধিকারিকরা। নিয়ম অনুযায়ী, একটি পঞ্চায়েত সর্বোচ্চ ২০টি কাজ একবারে নিতে পারবে। কিন্তু এখনও পর্যন্ত তার কাছাকাছি পৌঁছায়নি কোনো পঞ্চায়েত। অনেক জায়গায় গ্রাম পঞ্চায়েতগুলি ঠিক মতো কাজ না করার ফলে এই অবস্থা। যদিও মোটের উপর যেভাবে কাজ এগচ্ছে, তা সন্তোষজনক হলেও আরও উন্নতির প্রয়োজন বলে মনে করছেন পঞ্চায়েত দপ্তরের কর্তারা। তাঁদের দাবি, একটা সময় অনেক কম কর্মদিবস সৃষ্টি হয়েছিল। কাজের গতিও কম ছিল। সেই তুলনায় অনেকটা পরিবর্তন হয়েছে। ইতিমধ্যে যেসব পঞ্চায়েতে ১৫ দিন বা তারও বেশি সময় প্রধান আসছেন না, সেখানে প্রশাসক বসানোর প্রস্তুতি শুরু হয়েছে। কয়েক সপ্তাহ বাদে এই ‘১২৫ দিনের কাজ’ প্রকল্পের অগ্রগতির চিত্র আরও বদলাবে বলে মনে করা হচ্ছে। জুলাই থেকে গোটা দেশের সঙ্গে রাজ্যেও শুরু হয়েছে এই কেন্দ্রীয় প্রকল্প। কিন্তু তারপর অনেকদিন পর্যন্ত বহু পঞ্চায়েত একটিও প্রকল্প নামাতে পারেনি। ওই অবস্থা থেকে বর্তমানে বেশিরভাগ পঞ্চায়েত সাতটি করে কাজ হাতে নিয়েছে। কোথাও রাস্তা, কোথাও পাঁচিল ইত্যাদি নির্মাণ হচ্ছে। বাঁকুড়া জেলায় এখনও পর্যন্ত সবচেয়ে ভালো পরিস্থিতি। এখানে প্রতি পঞ্চায়েতে গড়ে ১১টি করে কাজ নেওয়া হয়েছে। প্রতিদিন পাঁচ হাজারের বেশি কর্মদিবস সৃষ্টি হচ্ছে। এছাড়া পশ্চিম মেদিনীপুর ও কোচবিহারেও ভালোভাবে শুরু হয়ে গিয়েছে ‘১২৫ দিনের কাজ’। তবে পুরুলিয়া, কালিম্পং, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমানের মতো জেলায় এখনও পঞ্চায়েতগুলি খুব বেশি প্রকল্প শুরু করতে পারেনি।



