নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাক্তনের বিরুদ্ধে বর্তমান মুখ্যমন্ত্রী। তবে তা কোনো রাজনৈতিক আক্রমণ বা প্রতি আক্রমণ নয়। রাজ্যের বর্তমান প্রশাসনিক প্রধান শুভেন্দু অধিকারী যে ভাষায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সোমবার ‘আক্রমণ’ করেছেন, তাকে ‘হুমকি’ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিষয়টি নিয়ে তুমুল আলোড়ন শুরু হয়েছে। এদিন সামাজিক মাধ্যমে ভিডিয়ো বার্তার মাধ্যমে বিজেপির বিরুদ্ধে নতুন লড়াইয়ের ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা। বলেছেন, ‘বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত এবারের লড়াই থামবে না।’ প্রাক্তনের এই বার্তার কিছুক্ষণ পর নবান্নে সাংবাদিক সম্মেলন করেন বর্তমান মুখ্যমন্ত্রী। সেখানে পূর্বসূরিকে কটাক্ষ করে বলেন, ‘আপনি বিকালবেলা ফেসবুকেই থাকুন, আপনাকে রাস্তায় বের হতে হবে না।’ এরপরই গলার স্বর পালটে যায় মুখ্যমন্ত্রীর। হুঁশিয়ারির মোড়কে শুভেন্দুর বক্তব্য—‘রাস্তায় যাতে আপনি আর বের হতে না পারেন, তার ব্যবস্থা আমি করব।’ মমতাকে তাঁর পরামর্শ—‘কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে।’



