


সংবাদদাতা, ইটাহার: ভিড়ে ঠাসা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভিতরেও সক্রিয় লেডি গ্যাং! মহিলার ব্যাগ কেটে নিমেষে গায়েব ৩০ হাজার টাকা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার ২ ঘণ্টার মধ্যে পুলিশি তৎপরতায় ইটাহারের শ্যামাপল্লি এলাকা থেকে গ্রেপ্তার চোর। উদ্ধার হয়েছে চুরি যাওয়া টাকা। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের চৌরঙ্গী মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম রাজিয়া বিবি। তার বাড়ি ব্যারাকপুরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ইটাহারের উত্তরপাড়ার বাসিন্দা পেশায় সরকারি কর্মচারী মমতাজ খাতুন এদিন ব্যাংক থেকে ৩০ হাজার টাকা তোলেন। এরপর তিনি নতুন পাসবই নেওয়ার জন্য ব্যাংকের ভিতরে লাইনে দাঁড়ান। কিছুক্ষণ বাদে কাজ সেরে বাইরে বের হতেই দেখেন, ব্যাগ কেটে টাকা চুরি গিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এক মহিলাকে চিহ্নিত করে। ফুটেজে দেখা যায়, লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে ব্লেড দিয়ে মমতাজের ব্যাগ কেটে টাকা চুরি করে ব্যাংক থেকে বেরিয়ে যায়। পুলিশ ও মমতাজের পরিজন তড়িঘড়ি মহিলার খোঁজ শুরু করে চৌরাস্তা সংলগ্ন এলাকায়। কিছুক্ষণ বাদে শ্যামাপল্লি এলাকায় অন্য একটি ব্যাংকের দিকে যাওয়ার আগে ধরা পড়ে ওই মহিলা। তার কাছ থেকে উদ্ধার হয় ২৫ হাজার টাকা।
মহিলাকে জেরা করে পুলিশ জানতে পারে, সে মূলত চুরির সঙ্গে যুক্ত। জনবহুল এলাকা, ব্যাংক, বাজার সহ বিভিন্ন জায়গা টার্গেট করে চুরি করতে সিদ্ধহস্ত ধৃত মহিলা। আগেও একাধিক এলাকায় এই ঘটনা ঘটিয়েছে। এমনকি পুলিশের হাতে একাধিকবার গ্রেপ্তারও হয়েছে। পুলিশ এক প্রকার নিশ্চিত আরো কেউ রয়েছে মহিলাকে সহযোগিতা করার জন্য।
ইটাহার থানার পুলিশ জানায়, মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। মমতাজ বলেন, ব্যাংকের ভিতর থেকে টাকা চুরি হবে ভাবতেই পারিনি। থানায় অভিযোগ জানিয়েছি।