Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মহিলাকে খুন করে আত্মঘাতী খুনি, কোচবিহারের ঘটনায় চাঞ্চল্য

কোচবিহার শহরের শনি মন্দির এলাকায় বৌদিকে ছুরি দিয়ে খুনের পর আত্মঘাতী হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার বিকেলের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে।

মহিলাকে খুন করে আত্মঘাতী খুনি, কোচবিহারের ঘটনায় চাঞ্চল্য
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২১:১৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার শহরের শনি মন্দির এলাকায় বৌদিকে ছুরি দিয়ে খুনের পর আত্মঘাতী হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার বিকেলের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। মৃতদের নাম সেরদিপা দে (৪৫) এবং সঞ্জীব দে (৫৫)। সম্পর্কে তাঁরা দেওর ও বৌদি। সেরদিপা পেশায় পার্শ্বশিক্ষিকা ছিলেন। পাশাপাশি তিনি একটি বুটিকও চালাতেন। সঞ্জীব টোটো চালাতেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার ট্যাক্সি স্ট্যান্ডের কাছে সেরদিপার একটি বুটিক রয়েছে। তাঁর প্রথম পক্ষের স্বামী, অর্থাৎ সঞ্জীবের দাদা, কয়েক বছর আগে সাগরদিঘিতে ডুবে মারা যান। পরে সেরদিপা দ্বিতীয় বিয়ে করেন। বর্তমানে তাঁর দ্বিতীয় স্বামী একটি মাদক মামলায় কলকাতায় জেলবন্দি রয়েছেন। ফলে বাড়িতে নাবালক ছেলেকে নিয়ে একাই থাকতেন সেরদিপা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একই উঠোনে পাশাপাশি দুটি বাড়িতে থাকতেন দুই পরিবার। দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে অশান্তি ও ঝামেলা লেগে থাকত। এদিন সকাল থেকেই দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল বলে জানা গিয়েছে। অভিযোগ, বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে সেরদিপার ছেলে দেখতে পায়, তাঁর কাকা সঞ্জীব ছুরি দিয়ে মাকে আঘাত করছেন। এরপর সঞ্জীব তাঁর উপরও হামলা চালানোর চেষ্টা করলে কোনওরকমে সেখান থেকে পালিয়ে গিয়ে কোতওয়ালি থানায় খবর দেয় সে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেরদিপা ও সঞ্জীবকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কী কারণে এই ঘটনা ঘটল এবং ঘটনার পিছনে ঠিক কী ছিল, তা খতিয়ে দেখছে কোতওয়ালি থানার পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ