সংবাদদাতা, বনগাঁ: জওয়ানের পোশাক পরে রাস্তায় নেচেছেন এক মহিলা। সেই দৃশ্য আবার রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ওই মহিলার বিরুদ্ধে বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন এক জওয়ান। তাঁর দাবি, এভাবে সেনার পোশাক পরে রাস্তায় নাচানাচিতে বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়েছে। ওই পোশাকের প্রতি অসম্মান করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা রিলসে দেখা যাচ্ছে, ওই মহিলা সেনা জওয়ানের পোশাক পরে রাস্তায় নাচানাচি করছেন। পাশে আরেক মহিলা, তিনিও সেনার পোশাক পরে ভারতের পতাকা হাতে দাঁড়িয়ে আছেন। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বাগদার বাজিতপুরের বাসিন্দা অর্ঘ্য হালদার। তিনি সিআইএসএফে কর্মরত। বর্তমানে ছুটিতে বাড়িতে এসেছেন। এবিষয়ে অর্ঘ্য হালদার বলেন, ‘একজন সেনাকে অনেক আত্মবলিদান দিয়ে এই পোশাক পরতে হয়। অথচ এমন পোশাক পরে অনেকেই তার সম্মান নষ্ট করছে। এটা মেনে নেওয়া যায় না। একারণেই থানায় অভিযোগ জানিয়েছি। যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ না করে।’ জানা গিয়েছে, অভিযুক্ত মহিলা একজন ইউটিউবার। সোশ্যাল মিডিয়ায় তাঁর অ্যাকাউন্ট রয়েছে। সেখানে কয়েক হাজার ফলোয়ার রয়েছে তাঁর। পুলিস সূত্রে জানা গিয়েছে, সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় মহিলার নাচ এক জওয়ানকে ব্যথিত করেছে। তিনি অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।



