Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাত্র সাড়ে ১৫ লক্ষের সম্পত্তি, দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা

দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবন। সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী পদে দায়িত্ব সামলেছেন বহু বছর। বর্তমানে ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক।

মাত্র সাড়ে ১৫ লক্ষের সম্পত্তি, দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি ও কলকাতা: দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবন। সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী পদে দায়িত্ব সামলেছেন বহু বছর। বর্তমানে ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও। কিন্তু তাঁর অত্যন্ত সাদাসিধে জীবনযাত্রা সর্বজনবিদিত। দীর্ঘদিনের জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও বেতন নেন না। একাধিকবার সেকথা নিজেই জানিয়েছেন। এহেন মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী। ৩১টি রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে তৃণমূল নেত্রীর সম্পদের পরিমাণই সবচেয়ে কম, মাত্র ১৫ লক্ষ ৪০ হাজার টাকা। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের (এডিআর) সর্বশেষ রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। সর্বশেষ বিধানসভা ভোট বা উপনির্বাচনের নিরিখে দেশজুড়ে মুখ্যমন্ত্রীদের পেশ করা হলফনামার তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই রিপোর্ট। সেখানেই দেখা যাচ্ছে, ভারতের ‘দরিদ্রতম মুখ্যমন্ত্রী’র তকমা ধরে রাখলেন মমতাই। আর দেশের ‘ধনীতম মুখ্যমন্ত্রী’ হলেন অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু। টিডিপি সুপ্রিমোর মোট সম্পদের পরিমাণ ৯৩১ কোটি টাকারও বেশি।

Advertisement

সম্পদশালী মুখ্যমন্ত্রীদের তালিকায় চন্দ্রবাবুর ঠিক পরেই রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকা। একমাত্র চন্দ্রবাবু ও পেমা খান্ডুই দেশের ‘বিলিয়নেয়ার’ মুখ্যমন্ত্রী। মোট সম্পত্তির নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। প্রবীণ এই কংগ্রেস নেতার সম্পত্তি ৫১ কোটি টাকা। আর ‘দরিদ্রতম মুখ্যমন্ত্রী’র তালিকায় মমতার ঠিক উপরেই রয়েছে ওমর আবদুল্লার নাম। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ টাকা। তৃতীয় স্থানে নাম রয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। প্রবীণ এই সিপিএম নেতার মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকা। এডিআরের রিপোর্ট বলছে, দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর সম্মিলিত সম্পত্তির পরিমাণ ১ হাজার ৬৩০ কোটি টাকা।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় নির্বাচন কমিশনে হলফনামা পেশ করে জানিয়েছিলেন, তাঁর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৪০ হাজার টাকা।  এর আগে ২০১৬ সালের বিধানসভা ভোটের সময় তৃণমূল নেত্রীর সম্পত্তি ছিল ৩০ লক্ষ ৪০ হাজার টাকা। নির্বাচনী হলফনামায় তিনি জানিয়েছিলেন, হাতে নগদ রয়েছে ৬৯ হাজার ২৫৫ টাকা। ব্যাঙ্কে গচ্ছিত ১৩ লক্ষ ৫০ হাজার টাকা। এর মধ্যে নির্বাচনী খরচ সংক্রান্ত অ্যাকাউন্টে দেড় লক্ষ টাকা। এডিআর রিপোর্ট বলছে, মমতা নির্বাচনী হলফনামায় জানিয়েছিলেন তাঁর কাছে ৯ গ্রাম সোনা রয়েছে। ওই সোনার তৎকালীন বাজারমূল্য ছিল ৪৩ হাজার ৮৩৭ টাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নামে কোনও জমি নেই। তাঁর নামে নেই নিজস্ব কোনও বসতবাড়িও।

Advertisement
সম্পর্কিত সংবাদ