ভোপাল: ইথানল মিশ্রিত পেট্রল নিয়ে উত্তাল দেশ। এই ইস্যুতে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন মধ্যপ্রদেশের রেওয়ার বিজেপি সাংসদ জনার্দন মিশ্র। রবিবার রেওয়া হয়ে ভোপাল-কলকাতা নতুন বাস পরিষেবার উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বিরোধীদের কটাক্ষ করে জনার্দন বলেন, ‘বিশুদ্ধ পেট্রল কি আপনাদের বাবার বাড়ি থেকে আসবে?’ তাকে জবাবও দিয়েছে কংগ্রেস। বিজেপি সাংসদের কথায়, ভারত মাত্র ২০ শতাংশ জ্বালানি তেল উৎপাদন করে। বাকি ৮০ শতাংশ আমদানি করতে হয়। বর্তমান ইরান-আমেরিকা সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ চলাচলে ব্যাহত হচ্ছে। তার জেরে প্রায় ১৮ হাজার কিলোমিটার পথ ঘুরে ভারতে তেল আসছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর কথা বলার পর থেকে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, দেশে যদি বিশুদ্ধ পেট্রল না থাকে, তাহলে আসবে কোথা থেকে? জনার্দনের এই মন্তব্যের পরপরই তীব্র প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস। দলের সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘জনসমক্ষে বিজেপি সাংসদ তাঁর পারিবারিক শিক্ষা তুলে ধরছেন এবং জনগণকে অপমান করেছেন। এসব ঔদ্ধত্যপূর্ণ আচরণের দিন শেষ। দাতিয়ার উপনির্বাচনে জবাব পেয়ে গিয়েছে পদ্ধশিবির।’



