Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ধর্মের নামে রাজনীতির ব্যবসা করতে দেব না, হুঙ্কার মমতার

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। সেই সময় যত এগিয়ে আসছে, বাংলায় সাম্প্রদায়িক মেরুকরণের মরিয়া চেষ্টা যেন ততই প্রকট হচ্ছে

ধর্মের নামে রাজনীতির ব্যবসা করতে দেব না, হুঙ্কার মমতার
  • ১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। সেই সময় যত এগিয়ে আসছে, বাংলায় সাম্প্রদায়িক মেরুকরণের মরিয়া চেষ্টা যেন ততই প্রকট হচ্ছে। রাজ্যের প্রধান বিরোধী দলের নেতানেত্রীরা কোনও রাখঢাক না রেখে তীব্র মেরুকরণের পক্ষে সওয়াল করছেন। রমরমিয়ে চলছে ধর্মকে হাতিয়ার করে রাজনীতির ব্যবসা। এই আবহে  ঈদ উপলক্ষ্যে রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যয়ী বার্তা, ‘ধর্মের নামে রাজনীতির ব্যবসা করতে দেব না। সব ধর্মের সহাবস্থানেই বাংলার ঐক্য ও অখণ্ডতা রক্ষিত হবে।’ বাংলায় বিজেপির ধর্মীয় বিভাজনের রাজনীতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে এদিন সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

Advertisement

সোমবার ধর্মতলার রেড রোডে কলকাতা খিলাফত কমিটি আয়োজিত ঈদ উদযাপনে যোগ দেন মমতা। সেখানে সবাইকে খুশির ঈদের শুভেচ্ছা জানান। এরপর বক্তব্য রাখতে গিয়ে তিনি তীব্র আক্রমণ করেন বিজেপিকে। ভোট বাক্সে ফায়দা তোলার জন্য বাংলায় বিজেপি যে পন্থা নিয়েছে, এদিন তা খোলসা করে দিয়েছেন মমতা। তাঁর বক্তব্য, ‘সব কা সাথ সব কা বিকাশের কথা বলেছিল ওরা। কিন্তু সবটাই আজ জুমলা। একটি দল ধর্মের নামে রাজনীতির ব্যবসা করছে। কিন্তু তা হতে দেওয়া যাবে না। বাংলায় সব ধর্মের মানুষ এক সঙ্গে থাকবেন। সব উৎসব-পার্বণে তাঁরা একসঙ্গে মেতে উঠবেন। এটাই চিরন্তন ঐক্য।’ তৃণমূল সহ একাধিক রাজনৈতিক দলের অভিযোগ, ধর্মের জিগির তুলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নানাভাবে অন্যায়-অত্যাচারের চেষ্টা চালাচ্ছে বিজেপি। সেই সূত্রেই এদিন ঈদের জমায়েতকে উদ্দেশ করে মমতা বলেন, ‘দিদি আছে আপনাদের সঙ্গে। কেউ কিছু করতে পারবে না। আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকব।’ 
মেরুকরণের মাধ্যমে বিজেপি যে বাংলায় অশান্তি পাকানোর পরিকল্পনা করছে, বিশ্বস্ত সূত্রে সেই খবর পেয়েছে তৃণমূল। তাই খোলা মঞ্চ থেকে মমতার সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, ‘ওরা বিভাজন করতে চাইছে। কেউ ওদের প্ররোচনায় পা দেবেন না। ওরা চিৎকার-চেঁচামেচি করলে করতে দিন। ওদের টাচ করবেন না। বিরূপ মন্তব্য করবেন না। একতা বজায় রাখতে হবে। সবাইকে মিলেমিশে থাকতে হবে।’ তাঁর আক্রমণ থেকে বাদ যায়নি সিপিএম। তারা এখন বিজেপির দোসর হয়েছে বলে তোপ দেগেছেন মমতা। বলেছেন, ‘এই দু’দল এক হয়ে বাংলা বিরোধী চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছে। লাল পার্টি আগে ধর্ম নিরপেক্ষতা নিয়ে বড় বড় কথা বলত। আজ লাল পার্টি আর গেরুয়া পার্টি এক হয়ে গিয়েছে। তারা একসঙ্গে মিলে অশান্তি করছে।’ এরপরই তাঁর দৃঢ় ঘোষণা, ‘ওদের রুখে দেওয়ার জন্য আমরা একাই একশো।’ তাঁর সাম্প্রতিক লন্ডন সফরের প্রসঙ্গ টেনেও বিরোধীদের খোঁচা দিয়েছেন মমতা। বলেছেন, ‘কয়েকজন নেতা কলকাতা থেকে টিকিট কেটে গিয়েছিলেন। সেখানে গিয়ে আমাকে প্রশ্ন করে, আমি হিন্দু? আমি গর্বের সঙ্গে বলি, আমি হিন্দু। সেই সঙ্গে আমি মুসলিম, শিখ...তার থেকেও বড় আমি ভারতীয়।’ 
এদিন রেড রোডের অনুষ্ঠান সেরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রিজাওয়ানুর রহমানের বাড়িতে যান মমতা। শুভেচ্ছা বিনিময় করেন। তারপর পার্ক সার্কাস ও একবালপুরে গিয়ে সাধারণ মানুষকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Advertisement
সম্পর্কিত সংবাদ